ট্রাম্পের খোঁচার জবাবে আয়করের তথ্য প্রকাশ করলেন বাফেট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের জের ধরে সেই দেশের বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট তাঁর আয়কর বিবরণীর বিস্তারিত প্রকাশ করেছেন।
ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে দ্বিতীয় নির্বাচনী বিতর্কে অংশ নিয়ে বাফেটের বিরুদ্ধে আইনের ফাঁকফোকর ব্যবহার করে ব্যাপকভাবে কর ফাঁকি দেওয়ার অভিযোগ তোলেন। যুক্তরাষ্ট্রে রোববার রাতে (বাংলাদেশে সোমবার সকালে) সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে এ বিতর্ক হয়।
ট্রাম্পের অভিযোগের জবাবে বাফেট এক বিবৃতিতে জানান, তিনি ১৯৪৪ সাল থেকে এ পর্যন্ত প্রতিবছরই নিয়মিতভাবে কর দিয়ে আসছেন।
ডোনাল্ড ট্রাম্প ১৯৯৫ সালে ব্যবসায় ৯ কোটি ১০ লাখ মার্কিন ডলার লোকসান হওয়ার কথা জানিয়ে কর ছাড় নিয়েছেন। পরবর্তী বেশ কয়েক বছর তিনি কর ছাড়ের সুযোগ নেন।
বিতর্কের সঞ্চালক অ্যান্ডারসন কুপার যখন ট্রাম্পের কাছে জানতে চান, তিনি ‘ক্যারি ফরোয়ার্ড’ বিধির (ব্যবসায়ীরা কোনো বছর বড় ধরনের লোকসান দিলে পরের বছর কর ছাড় নেওয়া) সুযোগ নিয়েছেন কি না, তখন ট্রাম্প তা স্বীকার করেন। এ সময় তিনি হিলারির দিকে ইঙ্গিত করে বলেন, ‘অবশ্যই, আমি তা করেছি; যেমনটা তাঁকে (হিলারি) চাঁদা দেওয়া বেশির ভাগ ব্যক্তিই করে থাকেন।’ এর পরই বাফেটের দিকে অভিযোগের তির ছোড়েন ট্রাম্প।
বাফেট তাঁর বিবৃতিতে ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘তিনি আমার আয়কর বিবরণী দেখেননি। কিন্তু আমি তাঁকে সেই তথ্য দিতে পেরে আনন্দিত।’
বিবৃতিতে বাফেট দাবি করেন, কখনোই তিনি ‘ক্যারি ফরোয়ার্ড’ বিধির অধীনে কোনো সুযোগ নেননি। বাফেট বলেন, ‘১৯৪৪ সালে যখন আমার বয়স ছিল ১৩ বছর, তখন থেকে এ পর্যন্ত প্রতিবছরই আমি ফেডারেল (কেন্দ্রীয়) সরকারকে নিয়মিত কর দিয়েছি। প্রথম বছরে আমি কর দিয়েছি ৭ ডলার। বিগত ৭২ বছরের প্রতিবছরই আমি যে কর পরিশোধ করেছি, তার রিটার্ন বা বিবরণীর কপি আছে আমার কাছে।’
সর্বশেষ ২০১৫ সালে বাফেট তাঁর মোট ১ কোটি ১৫ লাখ ডলার আয়ের বিপরীতে ১৮ লাখ ডলার কর দিয়েছেন বলে জানান।
ওয়ারেন বাফেট নিজের আয়কর বিবরণীর তথ্য প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্পকেও তা করার আহ্বান জানান। তবে কাজটি করার ব্যাপারে এর আগে থেকেই ট্রাম্প অনীহা জানিয়ে আসছেন।
হিলারি ক্লিনটনও অবশ্য তাঁর ২০১৫ সালে দেওয়া আয়কর বিবরণী প্রকাশ করেছেন। এতে দেখা যায়, হিলারি ও তাঁর স্বামী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাঁদের মোট ১ কোটি ৫ লাখ ডলার আয়ের বিপরীতে ফেডারেল সরকারকে ৩৪ শতাংশ ও রাজ্য সরকারকে ৯ শতাংশ হারে কর দিয়েছেন। সূত্র: বিবিসি ও ব্লুমবার্গ।