ট্রাম্পের জয়ে হেলুর লক্ষ্মীতে টান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প ও কার্লোস স্লিম হেলু
ডোনাল্ড ট্রাম্প ও কার্লোস স্লিম হেলু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয় বিশ্বজুড়ে অনেক লোকের কপালেই চিন্তার ভাঁজ ফেলেছে। তবে তাঁদের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি চিন্তায় পড়েছেন মেক্সিকোর শীর্ষ ধনী ও ব্যবসায়ী কার্লোস স্লিম হেলু। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরবর্তী এক সপ্তাহে হেলুর সম্পদমূল্য ৬৫০ কোটি ডলার কমে গেছে। এ কারণে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ছয় থেকে সাত নম্বরে নেমে গেছেন তিনি।

মার্কিন সাময়িকী ফোর্বস-এর হিসাব বলছে, প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিনেও কার্লোস হেলুর সম্পদের পরিমাণ ছিল ৫১ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৫ হাজার ১৭০ কোটি ডলার। সেটি পরের সাত দিনে কমে ৪ হাজার ৫২০ কোটি ডলার হয়েছে। বিশ্বের শীর্ষ ১০ শতকোটিপতি বা বিলিয়নিয়ারের মধ্যে আর কেউই হেলুর মতো সম্পদ হারাননি গত কয়েক দিনে।

হেলুর সম্পদমূল্য কমে যাওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছে মার্কিন ডলারের বিপরীতে মেক্সিকান পেসোর বিনিময় মূল্য কমে যাওয়া ও তাঁর মালিকানাধীন কোম্পানির শেয়ারের দামে ধস। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার এক ঘণ্টার মধ্যে ডলারের বিপরীতে পেসোর দাম ১৪ শতাংশ পড়ে যায়। ২০০৮ সালের পরে মেক্সিকান পেসোর এত বড় দরপতন আর হয়নি।

নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বরাবরই মেক্সিকোর সঙ্গে উত্তর আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তি (নাফটা) বাতিল করে দেওয়ার কথা বলে এসেছেন। যুক্তরাষ্ট্রে মেক্সিকোর নাগরিকদের অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে দেয়াল তৈরির কথাও অনেকবার বলেছেন ট্রাম্প। উৎপাদন খরচ কমাতে যেসব মার্কিন কোম্পানি মেক্সিকোতে বিনিয়োগ করেছে, তাদের ওপর অতিরিক্ত কর বসানোর কথাও বলেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী শ্রমিকেরা যাতে মেক্সিকোতে অর্থ পাঠাতে না পারেন, সেটি বন্ধে উদ্যোগ নেওয়ার কথা বলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট।

এসব হুমকির কারণে ট্রাম্প নির্বাচিত হওয়ার পরই হেলুর মালিকানাধীন মূল প্রতিষ্ঠান আমেরিকা মোভিলের শেয়ারের দাম ব্যাপক হারে কমে যায়। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও মেক্সিকোর বোলস্টার পুঁজিবাজারে তালিকাভুক্ত।

যুক্তরাষ্ট্রে মেক্সিকোর সাবেক রাষ্ট্রদূত অ্যান্টোনিও গারজা ফোর্বসকে বলেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নির্বাচিত হওয়া দুই দেশের আন্তবাণিজ্য ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে, কারণ বিনিয়োগকারীরা এখন ধীরে চলো নীতি গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সম্পর্ক এখন নিশ্চিতভাবে অনিশ্চিত থাকবে, এটাই এখন নিশ্চিত।

ট্রাম্পের জয় কার্লোস স্লিম হেলুর কাছেও বড় ধরনের বিস্ময় হয়ে এসেছে। নির্বাচনের কিছুদিন আগেও ট্রাম্পের কড়া সমালোচনা করে তিনি বলেছিলেন, রিপাবলিকানদের এ নির্বাচন জেতার সম্ভাবনা নেই বললেই চলে। ট্রাম্পের নীতি মার্কিন অর্থনীতিকে ধ্বংস করে দেবে এমন কথাও বলেছিলেন হেলু। যুক্তরাষ্ট্রে টেলিযোগাযোগ ছাড়াও আবাসন খাতে বড় অঙ্কের বিনিয়োগ আছে কার্লোস স্লিম হেলুর।

নির্বাচনী প্রচারণা চালানোর সময় হিলারি ক্লিনটনের পক্ষে কাজ করার অভিযোগও হেলুর বিরুদ্ধে আনেন ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, নিউইয়র্ক টাইমস-এ তাঁকে নিয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে, সেগুলো পত্রিকাটির অন্যতম বিনিয়োগকারী হিসেবে হেলু ইচ্ছাকৃতভাবে করিয়েছেন। আর এতে অনৈতিকভাবে হিলারি ক্লিনটনকে সুবিধা করে দেওয়া হয়েছে।

ফোর্বস-এর রিয়েল টাইম বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, গতকাল পর্যন্ত কার্লোস স্লিম হেলুর সম্পদমূল্য ছিল ৪ হাজার ৫৮ কোটি অথবা ৪৫ দশমিক ৮ বিলিয়ন ডলার।