ট্রাম্পের হাসপাতাল ছাড়ার খবরে এখনো ইতিবাচক তেল ও শেয়ারবাজার
বিশ্ববাজারে আজও বেড়েছে জ্বালানি তেলের দাম। করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরে আসার খবরে গতকাল সোমবারই তেলের বাজারে দামের ঊর্ধ্বগতি লক্ষ করা যায়। এক দিনেই ৫ শতাংশ বেড়ে যায় দাম। আজ মঙ্গলবারও সেই প্রবণতা অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয়েছে ৩৯ দশমিক ৪৬ ডলার। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছে প্রতি ব্যারেল সাড়ে ৪১ ডলার। গতকাল যা ছিল ৪০ দশমিক ২২ ডলার। তবে কেবল ট্রাম্পের সুখবর নয়, নরওয়েতে তেলশ্রমিকদের ধর্মঘট, যা ছয়টি অফশোর তেল ও গ্যাসক্ষেত্র বন্ধ করে দিয়েছে—তেলের দামে প্রভাব ফেলেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে দিকে ধেয়ে আসা ঝড়ের আশঙ্কায় তেলক্ষেত্রগুলো সাময়িক খালি করার কারণেও দাম বেড়েছে।
ডোনাল্ড ট্রাম্প কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার খবরে গত শুক্রবার তেলের দাম দপ করে পড়ে যায়। সেই সঙ্গে ব্যাপক দরপতন হয় শেয়ারবাজারেও। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তিন দিন পর ট্রাম্প যখন হাসপাতাল ছাড়ার আগে গাড়িতে চেপে সমর্থকদের উদ্দেশে হাত নাড়লেন, তারপর আবার তেলের দাম ও বিশ্ব শেয়ারবাজার ঘুরে দাঁড়াল।
আজ চীন বাদে এশিয়ার প্রায় সব পুঁজিবাজারের সূচক বেড়েছে। জাপানের নিকেই সূচক বেড়েছে শূন্য দশমিক ৫২ শতাংশ। তাইওয়ানের পুঁজিবাজারে সূচক বেড়েছে ১ দশমিক ২৪ শতাংশ। সূচক বেড়েছে অস্ট্রেলিয়া ভারতের পুঁজিবাজারেও।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে গতকাল তিনটি সূচকই বেড়েছে। ডাও জোন্স বেড়েছে ১ দশমিক ৬৮ শতাংশ, নাসডাক বেড়েছে ২ দশমিক ৩২ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ বেড়েছে ১ দশমিক ৮০ শতাংশ।
বাজার বিশ্লেষকেরা বলছেন, বিশ্ববাজার ট্রাম্পের স্বাস্থ্য পরিস্থিতির দিকে তাকিয়ে আছে। মার্কিন বাজার গবেষণা প্রতিষ্ঠান এক্সির প্রধান বৈশ্বিক বাজার কৌশলবিদ স্টিফেন ইনস সংবাদ সংস্থা এপিকে বলেন, প্রেসিডেন্ট নির্বাচন পেছাবে কি পেছাবে না, সেই অনিশ্চয়তা কমলে বাজারের প্রাথমিক প্রতিক্রিয়া ইতিবাচক হবে। সে জন্যই মার্কিন ইকুইটি ও তেলের দাম শুক্রবার কমার পর সোমবার আবার বেড়েছে।