ডলারের বিপরীতে দুর্বল ইউরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মার্কিন ডলারের বিপরীতে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে ইউরোপের ১৯ দেশের অভিন্ন মুদ্রা ইউরো। ডলারের বিপরীতে গতকাল সোমবার ইউরোর বিনিময়মূল্য ছিল ১ দশমিক ১৮৬৪ ডলার। ২০০৬ সালের পর ডলারের বিপরীতে ইউরোর বিনিময়মূল্য এখন সর্বনিম্ন।
ইউরোকে শক্তিশালী করার জন্য ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া নানা পদক্ষেপের ঘোষণার পরও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। গ্রিসের চলমান অর্থনৈতিক সংকটও ইউরোর দুর্বল অবস্থার জন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জাপানের মুদ্রা ইয়েন ছাড়া সাম্প্রতিক সময়ে বিশ্বের প্রধান সব মুদ্রার বিপরীতে শক্তিশালী হয়ে উঠেছে মার্কিন ডলার। সেই ধারা বজায় রেখে ইউরো ১ দশমিক ২ শতাংশ দর হারিয়েছে গতকাল। ২০০৬ সালে এক ইউরোর বিপরীতে ডলারের বিনিময়মূল্য ছিল ১ দশমিক ১৯৫৫ ডলার।
ডলার শক্তিশালী হয়ে ওঠায় এর নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি তেলের বাজারে। যুক্তরাষ্ট্রভিত্তিক ডব্লিউটিআই জ্বালানি সূচকের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে বর্তমানে প্রতি ব্যারেল জ্বালানি তেলের মূল্য ৫২ ডলারে কমে গেছে। ইউরোপভিত্তিক ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম কমে প্রতি ব্যারেল ৫৫ ডলার ৭৪ সেন্টে নেমে গেছে।
ডলারের বিপরীতে ইউরোর দরপতন প্রসঙ্গে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ব্যাংক বার্কলেজের মুদ্রা বিশ্লেষক মিতুল কোটেচা বলেন, চলতি বছরেও বিশ্ব মুদ্রাবাজারে ডলারের আধিপত্য বজায় থাকবে। ইউরোর নিম্নমুখী প্রবণতা এই প্রক্রিয়াকে আরও বেগবান করবে।
ইউরোকে শক্তিশালী করার জন্য ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ‘কোয়ান্টেটিভ ইজিং’ কর্মসূচির আওতায় বিভিন্ন দেশের সরকারি বন্ড কেনার পরিকল্পনা করছে। এর মাধ্যমে নতুন অর্থ ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করানোর মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে ইউরোকে শক্তিশালী করা হবে। ইসিবির প্রধান মারিও দ্রাঘি বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় আমরা নতুন বছরের পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনছি।’
ইউরোর অবস্থান দুর্বল হওয়ার পেছনে গ্রিসের দুরবস্থাকে একটি অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। ২৫ জানুয়ারি দেশটিতে নতুন নির্বাচন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। কেননা, নতুন সরকার ক্ষমতায় আসার পরই গ্রিস ইউরোজোনে থাকবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত হবে।
জার্মানির সরকার মনে করে, গ্রিসের সিরজিয়া পার্টি ক্ষমতায় এলে ইউরোজোন থেকে গ্রিসের বের না হওয়ার সম্ভাবনাই বেশি। জার্মানির চ্যান্সেলর অাঙ্গেলা ম্যার্কেলের এক মুখপাত্র বলেন, গ্রিস সরকার ইউরোপীয় ইউনিয়ন, ইসিবি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশ অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম চালু রাখবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ মনে করেন, ইউরোজোনে থাকা বা না থাকার সিদ্ধান্ত গ্রিসকেই নিতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক সপ্তাহে ইউরোকে এমন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা করে চলতে হবে। এ ক্ষেত্রে ইসিবির পদক্ষেপও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউরোপের ব্যাংকগুলোতে ধারাবাহিকভাবে বাড়তে থাকা ব্যাংক সুদের হারও ইউরোর ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখবে।
যুক্তরাজ্যভিত্তি আর্থিক প্রতিষ্ঠান এফএক্সপ্রোর জ্যেষ্ঠ বিশ্লেষক অ্যাঙ্গাস ক্যাম্পবেল বলেন, বাজার এখন ইসিবির পদক্ষেপের অপেক্ষা করছে। ২২ জানুয়ারি ইসিবির বৈঠকের সিদ্ধান্তগুলো হবে অনেক গুরুত্বপূর্ণ।
সূত্র: বিবিসি ও ফাইন্যান্সিয়াল টাইমস