ডিজিটাল ইউয়ানে হুমকির মুখে ডলারের আধিপত্য
‘ডিজিটাল মুদ্রা’ শব্দটি শুনলে মানুষের চোখের সামনে সাধারণত বিটকয়েন বা ডজিকয়েনের ছবি চলে আসে। কিন্তু এই ক্রিপ্টোকারেন্সির বাইরে সরকারিভাবেও যে ডিজিটাল মুদ্রা বাজারে আসতে চলেছে, সেই খবর খুব একটা প্রচারিত হয় না।
এই সরকারি ডিজিটাল মুদ্রা মূলত কাগুজে মুদ্রার ডিজিটাল রূপ। পার্থক্য হলো, এই মুদ্রা মানুষের ওয়ালেটে নয়, থাকবে মুঠোফোন। আর তাতে কমতে পারে ডলারের আধিপত্য।
বাস্তবতা হলো, মানুষের ধারণার অনেক আগেই এই সরকারি ডিজিটাল মুদ্রা বাজারে চলে আসতে পারে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের তথ্যানুসারে, বিশ্বের অন্তত ৮১টি দেশ এখন ডিজিটাল মুদ্রার সম্ভাবনা খতিয়ে দেখছে। এই দেশগুলো বিশ্বের মোট জিডিপির ৮১ শতাংশ জোগান দিচ্ছে। এদের মধ্যে পাঁচটি দেশ ইতিমধ্যে ডিজিটাল মুদ্রা চালু করে দিয়েছে। ব্যাংক অব ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসের সমীক্ষা অনুসারে, বিশ্বের অন্তত এক-পঞ্চমাংশ জনগোষ্ঠী কয়েক বছরের মধ্যে ডিজিটাল মুদ্রা ব্যবহার করবে।
এই প্রতিযোগিতায় যথারীতি সবার আগে আছে চীনের ডিজিটাল ইউয়ান। ইতিমধ্যে তারা ৫০০ কোটি ডলার সমমূল্যের ইউয়ান পরীক্ষামূলকভাবে লেনদেনও করে ফেলেছে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র এখনো গবেষণার পর্যায়ে আছে। আর্থিক সেবাবিষয়ক হাউস কমিটি ইতিমধ্যে সরকারি ডিজিটাল মুদ্রার সম্ভাব্যতা যাচাই করেছে। বাস্তবতা এমন দাঁড়িয়েছে যে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রকে শিগগির এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা মনে করছে, যুক্তরাষ্ট্র এখনই কিছু করতে না পারলে ভবিষ্যতে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা দেখতে হবে। অর্থাৎ এ জগতে খেলোয়াড়ের বদলে যুক্তরাষ্ট্র দর্শকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে।
ডিজিটাল মুদ্রার জগতে বৈশ্বিক রিজার্ভের বাজারে মার্কিন ডলারের কদর কমে যেতে পারে। তখন বিভিন্ন দেশ সরাসরি ডিজিটাল মুদ্রায় বিনিময় করতে পারবে, অভিন্ন মাধ্যম হিসেবে ডলারের প্রয়োজন পড়বে না। বৈশ্বিক আর্থিক বার্তা আদান-প্রদানের মাধ্যম সুইফটেরও প্রয়োজন পড়বে না। বিশ্লেষকেরা বলছেন, ঠিক সে কারণেই যুক্তরাষ্ট্রের এ ব্যাপারে উদ্যোগী হওয়া উচিত।
ডিজিটাল মুদ্রাবিষয়ক গবেষক ও চীনের সাংহাই ফুদান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল সুং বলেন, তখন মানুষ ডলার ব্যবহার কমিয়ে দেবে। তিনি আরও বলেন, সব দেশ ডলারে রিজার্ভ সংরক্ষণ করায় ডলারের কদর অনেক বেশি। কিন্তু সরাসরি বিল পরিশোধ করা সম্ভব হলে ডলারের ব্যবহার কমবে।
এই ডলার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্র যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেই দেশগুলো যাতে ডলার ব্যবস্থার মধ্যে ঢুকতে না পারে, তা সহজেই নিশ্চিত করতে পারে তারা। এত দিন তারা সুইফটের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন পর্যবেক্ষণ করতে পারত। কিন্তু এখন তার প্রয়োজন না হলে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ হারাবে। ফলে, সরকারি ডিজিটাল মুদ্রা চালু করতে হবে তাকে।
এদিকে চীন ইউয়ানের আন্তর্জাতিকীকরণ শুরু করেছে। মূলত, ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের প্রভাব যাতে তেমন একটা না পড়ে, সে লক্ষ্যেই এ উদ্যোগ। এ ছাড়া চীনের মনে এই উদ্বেগও আছে যে যুক্তরাষ্ট্র ডলারকে তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে হুয়াওয়ের মতো কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, চীনের ডিজিটাল ইউয়ান চালুর ঘটনা যুক্তরাষ্ট্রের কাছ থেকে বৈশ্বিক ক্ষমতা ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখতে হবে। যে বিকল্প বিশ্বব্যবস্থা চীন তৈরি করতে চায়, ইউয়ান হবে তার হাতিয়ার। তবে অন্যান্য দেশ ডিজিটাল ইউয়ান কতটা গ্রহণ করে, তার ওপর সবকিছু নির্ভর করছে।
চীনবিষয়ক গবেষক, ডায়ানা চোলিয়েভা নিক্কি এশিয়াকে বলেন, আন্তর্জাতিক লেনদেন সহজ ও সস্তা করতে পারলে উদীয়মান দেশগুলো ডিজিটাল ইউয়ান গ্রহণ করতে পারে। কারণ, ডলারভিত্তিক বৈশ্বিক পেমেন্ট ব্যবস্থা যথেষ্ট ব্যয়সাপেক্ষ। এতে অনেকেই ঢুকতে পারে না।
ডলারের উত্থান
এই পরিস্থিতির সঙ্গে অনেকে ১৯৭১ সালের মিল খুঁজে পাচ্ছেন। ৫০ বছর আগে ঠিক এই আগস্ট মাসেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন রিজার্ভ হিসেবে সোনা সংরক্ষণের ধারা থেকে বেরিয়ে আসেন। এতে ডলারের অবমূল্যায়ন হয়, যদিও পরবর্তীকালে রিজার্ভ হিসেবে মার্কিন ডলারের আধিপত্যের সূচনা হয় এর মধ্য দিয়ে। পার্থক্য হলো, এবারের মুদ্রাযুদ্ধে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত দর্শকের ভূমিকায়।
১৯৭১ সালে ব্রেটন উডসের মুদ্রাব্যবস্থার অবসানে বাজারভিত্তিক বিনিময়ের মূল্যব্যবস্থা চালু হয়। ফলে, মুদ্রা আর সোনা বা সম্পদের সঙ্গে বাঁধা থাকল না এবং মুদ্রার বিপরীতে স্পর্শগ্রাহ্য কোনো কিছু রাখার বাধ্যবাধকতা উঠে গেল। অভ্যন্তরীণ পরিস্থিতি ও দেশীয় নীতিতে আস্থা রাখা একমাত্র সম্বল হয়ে দাঁড়ায়।
সেই ধারা এখনো চলছে। ডলার এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা। মূলত, মার্কিন অর্থনীতি, শক্তি ও নীতিতে অন্যান্য দেশের আস্থার কারণেই এটি ঘটেছে। এ ব্যবস্থা তাকে বিপুল অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা দিয়েছে।
চীনের ইউয়ানের উত্থানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি, বাজেট ও রাজস্ব ঘাটতি এবং সুদহার বাড়ার কারণে ডলারের চাহিদা হ্রাসের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
ইউয়ানের উত্থান
এর বিপরীতে ইউয়ানের আন্তর্জাতিক লেনদেন গত দুই বছরে ২৪ শতাংশ বেড়েছে। ২০১৯ সালে তার পরিমাণ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৬৭ ট্রিলিয়ন।
২০১৪ সাল থেকে চীন নানাভাবে এ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন বন্ডে বিনিয়োগ করছে। এই জুনে ইউয়ানভিত্তিক বন্ডে আন্তর্জাতিক বিনিয়োগ দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার কোটি ইউয়ান। নিজেদের আর্থিক বাজার খুলে দিয়ে গোল্ডম্যান স্যাকস ও জে পি মরগ্যান চেজের মতো বিনিয়োগকারীদের টেনে নিয়ে আসছে তারা। তার শেষ ধাপ হচ্ছে ডিজিটাল ইউয়ানের আন্তর্জাতিকীকরণ। এর মধ্য দিয়ে চীন আস্থা অর্জনের চেষ্টা করছে।