ডিজেলের দাম কমেছে, বাড়বে গ্যাসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত জ্বালানি তেল ডিজেলের মূল্য কমিয়েছে। পাঁচ বছরের বেশি সময় পর ডিজেলের মূল্য কমাল দেশটির সরকার। এ সিদ্ধান্ত গতকাল রোববার থেকেই কার্যকর হয়েছে।
অন্যদিকে ভারত সরকার প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর ঘোষণাও দিয়েছে। তবে এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে আগামী ১ নভেম্বর থেকে। খবর রয়টার্সের।
এমনিতেই ভারতে রাজ্য ও শহরভেদে ডিজেলের দামে তারতম্য রয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ডিজেলের দাম কমবে গড়ে ৫ দশমিক ৭ শতাংশ, যা ভারতীয় মুদ্রা রুপির অঙ্কে ৩ রুপি ৭৭ পয়সা।
দাম কমানোর পাশাপাশি এখন থেকে ডিজেলের মতো জ্বালানির মূল্য বাজারদরের ভিত্তিতে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে গতকাল তিনি গণমাধ্যমকে বলেন, জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়িয়ে প্রতিযোগিতা নিশ্চিত করতে এবং এ খাতের ভর্তুকি তুলে দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারত সরকার আশা করছে, ডিজেলের দাম কমানোর ফলে মূল্যস্ফীতি আরও কমানো সম্ভব হবে।
প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর কারণে আগামী ১ নভেম্বর থেকে প্রতি ঘনফুট গ্যাসের দাম হবে ৫ দশমিক ৬১ ডলার। এত দিন প্রতি ঘনফুট গ্যাসের দাম ছিল ৪ দশমিক ২০ ডলার। সরকার বলছে, এখন থেকে প্রতি ছয় মাস পরপর এই মূল্য পুনর্বিবেচনা করা হবে।
প্রসঙ্গত, কংগ্রেস নেতৃত্বাধীন বিগত সরকারের আমলেই প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল।