তথ্যপ্রযুক্তি বা আইটি খাতকে বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। এর ফলে তথ্যপ্রযুক্তি খাতের ২০০টি পণ্যকে শূন্য শুল্ক তালিকাভুক্ত করার ঘোষণাও দিয়েছে সংস্থাটি। ডব্লিউটিও আইটি খাতের জন্য এ স্বীকৃতিকে ঐতিহাসিক পদক্ষেপ বলেও অভিহিত করেছে।
সম্প্রতি ডব্লিউটিওভুক্ত ৫৪টি দেশের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে, যা গত ১৮ বছরের মধ্যে ডব্লিউটিওর প্রথম শুল্ক কমানোবিষয়ক কোনো চুক্তি। আলোচনায় অংশ নিলেও তাইওয়ান, তুরস্ক,থাইল্যান্ড, কলম্বিয়া, মরিশাস এ চুক্তিতে সই করেনি।
চুক্তির ফলে তথ্যপ্রযুক্তিভিত্তিক ২০১টি পণ্যের আমদানিতে কোনো শুল্ক দিতে হবে না। গ্রাহকেরা অপেক্ষাকৃত কম দামে এসব পণ্য কিনতে পারবেন। এসব পণ্যের মধ্যে রয়েছে কম্পিউটার, স্মার্টফোনসহ টাচস্ক্রিন যন্ত্র, ভিডিও গেম, জিপিএস, সেমিকন্ডাক্টর, স্যাটেলাইট, উচ্চপ্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি।
এসব আমদানি-রপ্তানিতে বছরে ১ লাখ ৩০ হাজার কোটি মার্কিন ডলার লেনদেন হয়। শুল্ক তুলে নেওয়া হলে বিশ্ব অর্থনীতিতে ১৯ হাজার কোটি ডলার সাশ্রয় হবে।
ডব্লিউটিও মহাসচিব রবার্তো অ্যাজভেদো বলেন, ‘আজকের এ চুক্তি একটি মাইলফলক। এ হারে শুল্ক প্রত্যাহার পণ্যের লেনদেন বড় ইতিবাচক ভূমিকা রাখবে। এটি আইটি খাতে নতুন কর্মসংস্থান তৈরিতেও কার্যকর হবে।’
যেসব দেশ এই চুক্তিতে এখনো স্বাক্ষর করেনি তারা খুব শিগগির তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডব্লিউটিও মহাসিচব।
২০১২ সাল থেকে এ চুক্তি বাস্তবায়নের চেষ্টা করছে সংস্থাটি। চুক্তিটি উন্নয়নশীল দেশগুলোর আইটি খাতের উন্নয়নে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
সূত্র: রয়টার্স, বিবিসি