তিন দেশে কমার্শিয়াল মিনিস্টার হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত, চীন ও জাপানের বাণিজ্যিক মিশনে ‘কমার্শিয়াল কাউন্সিলর’ পদটি ‘কমার্শিয়াল মিনিস্টার’ পদে উন্নীত হতে পারে। বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানা গেছে।
জানতে চাইলে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন গতকাল শনিবার বলেন, ‘আমরা মনে করি এটা হওয়া উচিত। তবে এ নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার দরকার রয়েছে। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি দরকার।’
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে ১৭টি দেশে ১৯টি কমার্শিয়াল উইং রয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্রে রয়েছে দুটি করে উইং। সুইজারল্যান্ডের জেনেভার উইং প্রধানের পদটি শুধু ইকোনমিক মিনিস্টার। বাকি ১৮ উইং প্রধানের পদটি হলো কমার্শিয়াল কাউন্সিলর। এর মধ্যে শুধু জাপান, চীন ও ভারতের একটি উইংয়ের কমার্শিয়াল কাউন্সিলর পদকে কমার্শিয়াল মিনিস্টার পদে উন্নীত করার চিন্তা চলছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বাণিজ্যিক চুক্তি বা আলোচনার সময় কিছু দেশে কমার্শিয়াল কাউন্সিলরদের চেয়েও বড় পদের লোকজন থাকেন। এ ক্ষেত্রে পদমর্যাদা তুলনামূলক কম হওয়ায় অনেকেই বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করতে স্বস্তিবোধ করেন না।
অন্যান্য দেশের ক্ষেত্রেও একই রকম চিন্তা করা হচ্ছে না কেন—জানতে চাইলে বাণিজ্যসচিব বলেন, ‘এই তিনটি দেশের সঙ্গেই বাণিজ্যের পরিমাণটা বেশি। তাই আপাতত এদের কথাই ভাবা হচ্ছে।’