তিন বছর পুঁজি সংগ্রহ করতে পারবে না ডিএলএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আবাসন খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ডিএলএফ ইন্ডিয়া স্থানীয় পুঁজিবাজার থেকে আগামী তিন বছরে নতুন কোনো মূলধন সংগ্রহ করতে পারবে না।
ডিএলএফের সহযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এবং প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তথ্য গোপন করায় দেশটির পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই) এ নিষেধাজ্ঞা জারি করেছে।
এ ছাড়া ডিএলএফকে তিন বছরের জন্য আরও একটি নিষেধাজ্ঞায় পড়তে হবে। সেটি হলো ভারতের ‘আবাসন খাত বিনিয়োগ ট্রাস্ট’ থেকেও অর্থ সংগ্রহ করতে পারবে না ডিএলএফ। এই তহবিল ভারতের আবাসনপ্রতিষ্ঠানগুলোর জন্য অর্থ সংগ্রহের একটি অন্যতম উৎস।
এদিকে গতকাল বুধবার কোম্পানিটির
এসইবিআইয়ের গত সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিএলএফ চেয়ারম্যান কুশল পাল সিং ও শীর্ষ পাঁচ নির্বাহীর কেউই এ সময়ে প্রতিষ্ঠানটির শেয়ার কেনাবেচা বা অন্য কোনো উপায়ে হাতবদল করতে পারবেন না।
২০০৭ সালে ২৩০ কোটি ডলারের আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে যাত্রা শুরু করেছিল ডিএলএফ।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, তথ্য লুকানোর অভিযোগে ভারতের পুঁজিবাজারের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ শাস্তি। এসইবিআইয়ের সাবেক নির্বাহী পরিচালক জে এন গুপ্তা বলেন, ‘তথ্য গোপন করার জন্য এর আগে কোনো প্রতিষ্ঠানকেই এত বড় শাস্তি পেতে হয়নি।’
অন্যদিকে শাস্তির প্রতিক্রিয়ায় গত সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘ডিএলএফ ও এর পরিচালনা পর্ষদদের পক্ষ থেকে গ্রাহক এবং বিনিয়োগকারীদের জানাতে চাই, আমরা আইপিও বা অন্য কোনো সময়েই লেনদেনের ব্যাপারে নিয়মনীতি লঙ্ঘন করিনি। এসইবিআইয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব।’
নিষেধাজ্ঞাটি ঋণভারে জর্জরিত ডিএলএফের ওপর অনেকটা মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে। গত জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩১৩ কোটি ডলার। চলতি বছরের শুরুতে ভারতের সর্বোচ্চ আদালত এই প্রতিষ্ঠানকে ১০ কোটি ৩৩ লাখ ডলার জরিমানা করেছে।
নয়াদিল্লিভিত্তিক প্রতিষ্ঠানটি বর্তমানে ১৯ লাখ বর্গফুটের একটি শপিং মল নির্মাণ করছে। নির্মাণকাজ সম্পন্ন হলে এটি হবে ভারতের সবচেয়ে বড় শপিং মল। মার্কিন সাময়িকী ফোর্বস-এর তালিকা অনুযায়ী, ডিএলএফের প্রতিষ্ঠাতা কুশল পাল সিং ভারতের সর্বোচ্চ ধনী ব্যক্তিদের তালিকায় ২১তম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৩০ কোটি ডলার। রয়টার্স।