তিন ব্যাংককে সতর্ক করল যুক্তরাষ্ট্র
প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় দুর্বল কৌশলের জন্য ব্রিটিশ বহুজাতিক বাণিজ্যিক ব্যাংক হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনসহ (এইচএসবিসি) তিনটি ব্যাংককে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বা ফেড। সতর্ক বার্তা পাওয়া অন্য দুটি ব্যাংক হলো যুক্তরাজ্যভিত্তিক রয়েল ব্যাংক অব স্কটল্যান্ড (আরবিএস) ও ফ্রান্সভিত্তিক বিএনপি প্যারিবাস। সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলোর আর্থিক কেলেঙ্কারির বিভিন্ন ঘটনা বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ অবস্থান নিল যুক্তরাষ্ট্র।
প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় ব্যাংক দুটির তথাকথিত ‘লিভিং উইল’ কৌশলের সমালোচনা করে যুক্তরাষ্ট্র বলেছে, তাদের এসব কৌশল মোটেই সন্তোষজনক নয়। এসব কৌশলের যথাযথ উন্নতি করতে না পারলে শক্ত ব্যবস্থা নেওয়ারও কথা বলেছে মার্কিন কর্তৃপক্ষ।
লিভিং উইল হলো এমন একটি ব্যবস্থা, যা প্রয়োগ করে একটি ব্যাংক আপৎকালীন পরিস্থিতি সামাল দেয়। প্রতিকূল পরিস্থিতিতে একটি ব্যাংক তার তহবিল কীভাবে সংগ্রহ করবে, তারও বিস্তারিত পরিকল্পনা এতে উল্লেখ থাকে।
ফেড বলছে, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় তিনটি ব্যাংক যে কৌশলপত্র তাদের কাছে জমা দিয়েছে, তা মোটেই সন্তোষজনক নয়।
ফেডের মতো একই মনোভাব ব্যক্ত করেছে দেশটির স্বায়ত্তশাসিত আমানত বিমা বিভাগ ফেডারেল ইনস্যুরেন্স ডিপোজিট করপোরেশন (এফডিআইসি)। প্রতিষ্ঠানটি বলছে, পরিস্থিতি মোকাবিলায় ব্যাংক তিনটির নেওয়া পদক্ষেপ নির্ভরযোগ্য নয় এবং এ অবস্থা গ্রাহক আস্থার জন্য নেতিবাচক।
ফেড ও এফডিআইসি উভয়েই মনে করে, ব্যাংকগুলোকে তাদের বিভিন্ন ডেরিভেটিভ চুক্তিগুলোর উন্নয়নে আরও কাজ করতে হবে, যাতে তারা দেউলিয়া হওয়া থেকে রক্ষা পায়। আর শেষ পর্যন্ত দেউলিয়া হয়ে গেলেও ডেরিভেটিভ চুক্তিগুলো বিক্রি করে যাতে আমানতকারীদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়। প্রতিকূল পরিস্থিতিতে ব্যাংকগুলো যাতে তাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারে, সে জন্যও প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে হবে। এমন পরিস্থিতিতে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে।
২০০৮ সালের আর্থিক মহামন্দার পর প্রতিকূল পরিস্থিতিতে ব্যাংকগুলো যাতে দেউলিয়া হয়ে না পড়ে, সে জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১০ সালে ‘ডড ফ্র্যাংক আইন’ পাস করা হয়। এ আইনের মাধ্যমে প্রতিকূল পরিস্থিতিতে ব্যাংকগুলো কীভাবে টিকে থাকবে, সে জন্য ব্যাংকগুলোকে ‘লিভিং উইল’ কৌশল জমা দিতে হয়। এ আইনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির যেকোনো বাণিজ্যিক ব্যাংক অথবা বহুজাতিক ব্যাংকের মার্কিন শাখাকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। অর্থাৎ এইচএসবিসি, আরবিএস বা বিএনপি প্যারিবাসের যেকোনো মার্কিন শাখার লেনদেন ঝুঁকিপূর্ণ প্রমাণিত হলে তা বন্ধ হয়ে যেতে পারে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে কর ফাঁকি দিয়ে অবৈধ অর্থ পাচারে গ্রাহকদের সহায়তা করার জন্য এইচএসবিসির বিরুদ্ধে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা হয়। আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিক কনসোর্টিয়ামের (আইসিআইজে) নেতৃত্বে বিশ্বের কয়েকটি প্রভাবশালী গণমাধ্যমের অনুসন্ধানে এ কেলেঙ্কারির যেসব তথ্য উঠে এসেছে, তাতে এ ঘটনাকে বিশ্ব ব্যাংকিং ইতিহাসে তথ্য ফাঁসের অন্যতম বড় কেলেঙ্কারি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সূত্র: বিবিসি