তিন মাসে ফেসবুকের মুনাফা ৩০০ কোটি ডলারের বেশি
ব্যবহারকারীর সংখ্যা বাড়ায় চলতি বছরের প্রথম প্রান্তিকে ফেসবুকের মুনাফা বেড়েছে। জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে ফেসবুকের মুনাফা হয়েছে ৩০০ কোটি ডলারের বেশি, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৭৬ শতাংশ বেশি।
বর্তমানে প্রতি মাসে বিশ্বের এক-চতুর্থাংশ মানুষ ফেসবুক ব্যবহার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৯৪ কোটি। দৈনিক ব্যবহার করে প্রায় ১৩০ কোটি মানুষ। সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। বর্তমানে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাইরে ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে ফেসবুকের।
চলতি বছরের প্রথম তিন মাসে ফেসবুকের আয়ের ৫১ শতাংশ (৭৯০ কোটি ডলার) বিজ্ঞাপন থেকে এসেছ। ২০১৭ সালের বাকি সময়ে উল্লেখযোগ্যভাবে এই আয় কমবে বলে আশঙ্কা করছে ফেসবুক। এই মাধ্যমকে আরও সম্প্রসারণ করা যায় কি না, তা নিয়ে ভাবছেন এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এই মাধ্যমের ভূমিকা টিভি, স্বাস্থ্যসেবা বা রাজনীতিতে সম্প্রসারণ করার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে প্রতিশোধমূলক পোস্ট, শিশু নির্যাতনের পোস্টসহ বিভিন্ন অপ্রীতিকর বিষয় নিয়ে চাপে আছে ফেসবুক। গতকাল বুধবার মার্ক জাকারবার্গ ঘোষণা দেন, সাইটের এসব বিষয়বস্তু দেখাশোনায় নতুন তিন হাজার কর্মী নেওয়া হয়েছে।