তিন হাজার কোটি রুপি 'কালোটাকা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করে ৫০০ ও ১০০০ মূল্যমানের ভারতীয় মুদ্রা রুপি বাতিলের ঘটনায় এখন পর্যন্ত দেশটিতে তিন হাজার কোটি রুপির কালোটাকা (ব্ল্যাক মানি) শনাক্ত করা হয়েছে। ভারতের আয়কর বিভাগ সারা দেশে অভিযান চালিয়ে এ অপ্রদর্শিত অর্থের হদিস পেয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়। অপ্রদর্শিত অর্থ ‘কালোটাকা’ হিসেবে অধিক পরিচিত।
শনাক্ত হওয়া তিন হাজার কোটি রুপির ‘কালোটাকা’র মধ্যে ৮৬ কোটি রুপি এরই মধ্যে উদ্ধার করা হয়েছে বলে দেশটির কর বিভাগের কর্মকর্তারা জানান। কর বিভাগ সারা দেশে বিভিন্ন পর্যায়ের মোট ৬৭৭টি অনুসন্ধান চালিয়ে ‘কালোটাকা’র লেনদেনের সঙ্গে জড়িত সন্দেহে নানা ধরনের ৩ হাজার ১০০টি প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে। এ ছাড়া ২২০টি কেস ভারতে গোয়েন্দা সংস্থা সিআইবি (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন), এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে প্রমাণের জন্য হস্তান্তর করা হয়েছে।
দেশটির কর বিভাগের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৮ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সময়কালে কর বিভাগের অভিযানে মোট ৩ হাজার ১৮৫ কোটি রুপির ‘কালোটাকা’ শনাক্ত করা হয়েছে। অভিযানকালে স্বর্ণালংকার ও বাতিল করা মুদ্রামানে তথা নগদে মিলিয়ে প্রায় ৪২৮ কোটি রুপির সম্পদ উদ্ধার করা হয়।
গত ৮ নভেম্বর রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হঠাৎ করে ৫০০ ও ১০০০ রুপির নোট নিষিদ্ধ ঘোষণা করেন। জাল নোট প্রতিরোধ, সন্ত্রাসী অর্থায়ন ও ‘কালোটাকা’ রোধে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সে সময় জানানো হয়েছিল। তবে এ সিদ্ধান্তে যাতে সাধারণ মানুষ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, তার জন্য নোট বদলের বিশেষ ব্যবস্থা রাখা হয়। ৩১ ডিসেম্বর পর্যন্ত পোস্ট অফিস ও ব্যাংকের মাধ্যমে এ নোট বদলের সুযোগ রয়েছে।
সূত্র: ভারতের এনডিটিভি