তুরস্ক নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলার প্রভাব যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে তেমন পড়েনি। তবে গভীর রাতে তুরস্কে সেনা অভ্যুত্থানচেষ্টার ঘটনায় বাজারে এর প্রভাব পড়বে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হওয়ায় পুঁজিবাজারে এর ইতিবাচক প্রভাব রয়েছে।
গত জুনে যুক্তরাষ্ট্রের বাজারে খুচরা বিক্রয় প্রত্যাশার চেয়ে অনেক বেশি হওয়ায় এর ইতিবাচক প্রভাব পড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
গতকাল লেনদেন শেষে তুরস্কের সেনা অভ্যুত্থান ঘটানোর চেষ্টার খবরে এ ধারা আগামী সপ্তাহে অব্যাহত থাকবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।
উইসকনসিনের এক ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ব্রায়ান জেকব জানান, তুরস্কের বর্তমান অবস্থা এখনো পরিষ্কার নয়। কারা দেশ চালনার দায়িত্বে থাকবেন, তা বলা যাচ্ছে না। আগামী সোমবার লেনদেনের শুরুতে এ পরিস্থিতির প্রভাব লক্ষ্য করা যাবে।
গতকাল সপ্তাহের শেষ দিনে ঊর্ধ্বমুখী ছিল প্রধান সূচকগুলো। ডাও জোন্স সূচক ১০ পয়েন্টের মতো বাড়ে। এ ছাড়া স্যান্ডার্ড অ্যান্ড পুওরস ৫০০ সূচক এবং নাসডাক সূচকও কিছুটা বাড়তে দেখা যায়।
তুরস্কের এই রাজনৈতিক অস্থিরতায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। গতকাল প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়ে দাঁড়ায় ৪৮ দশমিক শূন্য ৯ ডলার। যুক্তরাষ্ট্রভিত্তিক অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৪৬ দশমিক ২৮ ডলার।