তেল উত্তোলন কমাবে ওপেকের বাইরের ১১ দেশ
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ানোর লক্ষ্যে এবার উত্তোলনের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক-বহির্ভূত ১১টি দেশ।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত শনিবার তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) প্রধান কার্যালয়ে এক বৈঠক থেকে এই সিদ্ধান্ত আসে। বৈঠকে রাশিয়া, আজারবাইজান, ওমান, মেক্সিকো, মালয়েশিয়া, সুদান, সাউথ সুদান, বাহরাইন অংশ নেয়।
বৈঠকে রাশিয়া প্রতিদিন ৫ লাখ ৫৮ হাজার ব্যারেল তেল উত্তোলন কমাতে সম্মত হয়েছে। এর আগে গত মাসে তেল উত্তোলন কমাতে চূড়ান্তভাবে সম্মত হয় ওপেক। যেসব দেশ ওপেকের সদস্য নয় তারাও উৎপাদন কমানোর ঘোষণা দিক, এমনটা চাইছিলেন সংস্থাটির নেতারা।
১৫ বছরের মধ্যে এবারই প্রথম তেল উত্তোলন কমানোর বিষয়ে একটি বৈশ্বিক মতৈক্য হলো।
আগামী মাস (জানুয়ারি) থেকে প্রতিদিন ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক। গত আট বছরের মধ্যে এটা হচ্ছে ওপেকের উত্তোলন কমানোর প্রথম সিদ্ধান্ত। ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে আছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ভেনেজুয়েলা, ইরান, ইরাক, কুয়েত, নাইজেরিয়া, আলজেরিয়া, কাতার, অ্যাঙ্গোলা, ইকুয়েডর, গ্যাবন ও লিবিয়া।