
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেই চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে গতকাল মঙ্গলবার প্রতি ব্যারেল তেলের মূল্য কমে ৫০ ডলারে নেমে গেছে; যা বিগত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
এর আগে ২০০৯ সালের এপ্রিলে প্রতি ব্যারেল তেলের দাম ৫০ ডলারের নিচে ছিল।
এদিকে ইউরোপের জ্বালানি তেলের বাজারেও ব্রেন্ট ক্রুডের দাম ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৫৩ ডলারে নেমে এসেছে।
এক দিন আগে গত সোমবার প্রতি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে ৫২ ডলার ও ইউরোপে ৫৬ ডলারে কেনাবেচা হয়। ২০১৪ সালের মধ্য এপ্রিল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে তেলের দাম ৫০ শতাংশের বেশি কমল।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৫০ ডলারে নেমে যাওয়াকে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য মনস্তাত্ত্বিকভাবে নেতিবাচক মনে করা হয়। কারণ, এ দামের নিচে নেমে গেলে তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর শেয়ারের দাম কমার আশঙ্কা জোরালো হয়ে ওঠে।
বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, জ্বালানি তেলের সরবরাহ না কমলে এবং চাহিদা না বাড়লে তেলের দাম আরও কমে যেতে পারে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে তেল উৎপাদন বেড়ে যাওয়াটা দাম কমার সম্ভাবনাকে আরও জোরালো করে তুলেছে। দেশটির নর্থ ডাকোটা ও পেনসিলভানিয়া রাজ্যে বর্তমানে কঠিন শিলা থেকে বিশেষ ধরনের পদার্থ বের করে তেল উৎপাদিত হচ্ছে; যা দেশটির তেল উৎপাদন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে।
একদিকে চাহিদার চেয়ে অতিরিক্ত সরবরাহ, অন্যদিকে বড় ব্যবহারকারী চীন ও ইউরোপীয় দেশগুলোতে জ্বালানি তেলের চাহিদা কমায় তা পণ্যটির দাম কমার ক্ষেত্রে বড় প্রভাব রেখেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পাশাপাশি দাম পড়ে যাওয়ার পরও জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক উৎপাদন না কমানোর সিদ্ধান্তে অনড় থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
জ্বালানি তেলের দাম কমার এ নেতিবাচক প্রভাব পড়েছে তেল উৎপাদনকারী বহুজাতিক কোম্পানিগুলোর শেয়ারের দামে। বিপি ও এক্সন মবিলের মতো বড় তেল প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম গত কয়েক মাসে ধারাবাহিকভাবে কমেছে।
তেলের দাম কমে যাওয়ার ধাক্কা লেগেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে। দেশটির পুঁজিবাজারে শেভরনের শেয়ারের দাম এক দিনে কমেছে ৪ শতাংশ। আর শালামবার্জারের শেয়ারের দাম কমেছে ২ দশমিক ৬ শতাংশ।
দাম কমায় কনোকোফিলিপস, কন্টিনেন্টাল রিসোর্সেসের মতো প্রতিষ্ঠান চলতি বছরের জন্য তেল অনুসন্ধানের বার্ষিক বাজেট কমিয়ে দিয়েছে।
তেলের উৎপাদন না কমানোর প্রসঙ্গে সৌদি আরবের তেলমন্ত্রী আলি আল নাইমি গত বছরের ডিসেম্বরে বলেন, প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম কমে ২০ ডলারে নেমে গেলেও উৎপাদন কমাবে না ওপেক। গত নভেম্বরে প্রতিদিন গড়ে তিন কোটি ব্যারেল তেল উৎপাদনের ঘোষণা দিয়েছিল ওপেক। বিশ্ববাজারে জ্বালানি তেলের অব্যাহত মূল্যপতনের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেছিলেন সৌদি তেলমন্ত্রী।
সূত্র: বিবিসি ও এএফপি