তেলের দামে পতন ঠেকাতে চার দেশ একমত

সৌদি আরব, কাতার, ভেনেজুয়েলা ও রাশিয়া—এই চার দেশ অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ না বাড়িয়ে বরং গত জানুয়ারির পর্যায়ে রাখতে একমত হয়েছে।
এসব দেশের মধ্যে রাশিয়া বাদে বাকি তিনটি জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের (অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ) সদস্য। তেল উত্তোলনে বিশ্বে শীর্ষস্থানটি রয়েছে সৌদি আরবের দখলে। দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ তেল উত্তোলন করে রাশিয়া। দেশ দুটি দৈনিক ১০ মিলিয়ন বা ১ কোটি ব্যারেলের বেশি জ্বালানি তেল উত্তোলন করে থাকে। আর ভেনেজুয়েলা আছে ৯ নম্বরে। দেশটি দৈনিক আড়াই মিলিয়ন বা ২৫ লাখ ব্যারেল উত্তোলন করে। কাতারের অবস্থান অবশ্য ১৭তম। দেশটিতে প্রতিদিন ৭-৮ লাখ ব্যারেলের মতো তেল উত্তোলিত হয়।
কাতারের দোহায় গতকাল মঙ্গলবার এই চার দেশের তেলমন্ত্রীদের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তেল উত্তোলনের পরিমাণ জানুয়ারির পর্যায়ে রাখার ঘোষণাটি দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা ঠেকিয়ে সেটাকে চাঙা করে তুলতেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশ চারটি। কারণ, ২০১৪ সালের জুন থেকে এ পর্যন্ত জ্বালানি তেলের দাম ৭০ শতাংশ পড়ে গেছে। এই সময়ে প্রতি ব্যারেল তেলের দাম ১১৬ মার্কিন ডলার থেকে কমতে কমতে ৩০ ডলারের নিচে নেমে এসেছে। দাম কমার পেছনে অবশ্য তিনটি বড় কারণ রয়েছে—আন্তর্জাতিক বাজারে তেলের অতিরিক্ত সরবরাহ, চাহিদা মন্দা ও বৈশ্বিক অর্থনীতি নিয়ে উদ্বেগ তথা অনিশ্চয়তা।
সংবাদ সম্মেলনে কাতারের তেলমন্ত্রী মোহাম্মাদ বিন সালেহ আল-সাদা জানান, তাঁদের পদক্ষেপের ফলে তেলের বাজার স্থিতিশীল হবে, যা ২০০০ সালের পরে খুব একটা দেখা যায়নি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সৌদি তেলমন্ত্রী আলী আল-নাইমি, রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেক্সাজান্ডার নোভাক ও ভেনেজুয়েলার তেলমন্ত্রী ইউলোগিয়া দেল পিনো।
এদিকে আন্তর্জাতিক বাজারে গতকাল প্রধান ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ৭৬ শতাংশ বেড়ে ৩৩ দশমিক ৬১ মার্কিন ডলারে উঠেছে। এর আগে একপর্যায়ে দাম ৫ শতাংশের বেশি বেড়েছিল। এদিন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ইউএস ক্রুড তেল প্রতি ব্যারেল ২৯ দশমিক ৮৫ ডলারে উন্নীত হয়েছে।
সৌদি তেলমন্ত্রী আলী আল-নাইমি বলেছেন, ‘তেল উত্তোলনের পরিমাণ এখন জানুয়ারির পর্যায়ে রাখাটাই বাজারের জন্য যৌক্তিক। আমরা বাজারে তেলের দাম নিয়ে অস্থিরতা বা অধিক ওঠানামা দেখতে চাই না। আমরা বাজারের চাহিদা মেটাতে ও দামে স্থিতিশীলতা আনতে চাই।’
এর আগে মার্কিন তেলের সঙ্গে প্রতিযোগিতার পরিস্থিতিতে যখন দাম ক্রমাগত কমছিল, তখন সৌদি আরবসহ রপ্তানিকারক দেশগুলো রপ্তানি আয়ের পরিমাণ ধরে রাখতে উত্তোলনের পরিমাণ বাড়িয়ে দিয়েছিল। এখন অবশ্য সেই অবস্থান থেকে সরে আসতে শুরু করেছে তারা। সূত্র: বিবিসি ও রয়টার্স