ত্রিপুরা বাণিজ্য মেলায় এবার বাংলাদেশিদের কম আগ্রহ
৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের কারণে এবার ভারতের ত্রিপুরায় আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলায় বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২৯ জানুয়ারি থেকে আগরতলার আন্তর্জাতিক শিল্প বাণিজ্য কেন্দ্রে শুরু হচ্ছে ২৭তম এই শিল্প বাণিজ্য মেলা।
এই মেলায় গতবার ২০৪টি স্টলের মধ্যে ৫৩টিই ছিল বাংলাদেশের। তবে এবার এই অংশগ্রহণ কম হবে বলে মনে করছেন আয়োজকেরা।
মেলা কমিটির অন্যতম পৃষ্ঠপোষক, শিল্প ও বাণিজ্য দপ্তরের যুগ্ম পরিচালক হিমাদ্রী প্রসাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রথমে ১০ জানুয়ারি স্টলের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। এখন তা বাড়িয়ে করা হয়েছে ১৮ জানুয়ারি। তবে এখন পর্যন্ত মাত্র ৯টি স্টলের আবেদনপত্র জমা পড়েছে বাংলাদেশ থেকে। ফলে হতাশ মেলার উদ্যোক্তারা।
তিনি আরও বলেন, মুদ্রা বাতিলের সিদ্ধান্তে এবার বিক্রি কম হতে পারে—এমন আশঙ্কায় বাংলাদেশি ব্যবসায়ীরা আসতে চাইছেন না।
মেলায় বাংলাদেশি স্টল কম এলেও আকর্ষণ বাড়াতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে আমন্ত্রণ জানিয়েছে ত্রিপুরা সরকার। রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী তাঁর সাম্প্রতিক বাংলাদেশ সফরে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান হিমাদ্রী চৌধুরী। তবে এখন পর্যন্ত এ বিষয়ে বাংলাদেশ থেকে কিছু জানানো হয়নি।
গত বছর ১০ দিনের এই শিল্প বাণিজ্য মেলায় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সৌজন্যে ২৫০ জনের ব্যবসায়ী প্রতিনিধিদল অংশ নেয়।