ত্রিপুরা বাণিজ্যমেলায় থাকছে বাংলাদেশি ৬৪ স্টল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপুরা শিল্প ও বাণিজ্যমেলার এবারও মূল আকর্ষণ বাংলাদেশ। রাজ্য শিল্প ও বাণিজ্য দপ্তর আয়োজিত এই মেলায় বাংলাদেশের ৬৪টি স্টল থাকছে। মেলা শুরু হচ্ছে ২৯ জানুয়ারি। চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। 

ত্রিপুরার রাজধানী আগরতলার উপকণ্ঠে হাঁফানিয়ায় আন্তর্জাতিক শিল্প বাণিজ্যমেলা চত্বরে এটা হবে ২৮তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্যমেলা। গতবারের তুলনায় এবার বাংলাদেশি স্টলের সংখ্যা বাড়ছে। মেলার মূল আকর্ষণও বাংলাদেশি পণ্য।
ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তর সূত্রে জানা গেছে, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
ত্রিপুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এমএল দেবনাথ জানিয়েছেন, বাংলাদেশি শিল্পপতিদের তাঁরা এবারও এই মেলায় আমন্ত্রণ জানিয়েছেন। সাড়াও পাওয়া গেছে ভালোই। ত্রিপুরায় বিনিয়োগ টানতে এই মেলা বিশেষ কার্যকর হবে বলেও দাবি করেন তিনি। সেই সঙ্গে তাঁর দাবি, বাংলাদেশি উৎপাদকেরা এ রাজ্যে যত আসবেন, বিনিয়োগ টানতে সুবিধা হবে ততই।
সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তথা বর্তমানে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা জানিয়ে ইন্দো-বাংলা শিল্প ও বাণিজ্য প্রসারে গুরুত্ব দেন। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের বর্তমান চেয়ারম্যান তথা ভারতীয় লোকসভা সদস্য জীতেন্দ্র চৌধুরীর মতে, ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও ভালো হলে উভয় দেশের মানুষই উপকৃত হবেন। এই মেলাকে কেন্দ্র করে এখন রাজ্য প্রশাসনে সাজ সাজ রব শুরু হয়েছে।