ত্রিপুরায় ডায়মন্ড সিমেন্ট রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্ট গত জানুয়ারি মাসের শুরু থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে রপ্তানি শুরু করেছে।
প্রথম পর্যায়ে মাসে ৮০০ মেট্রিক টন স্ল্যাগ ক্যাটাগরির সিমেন্ট রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডায়মন্ড সিমেন্ট। এ ছাড়া শিগগিরই অর্ডিনারি পোর্টল্যান্ড (ওপিসি) ক্যাটাগরির সিমেন্ট রপ্তানি করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
সিমেন্ট রপ্তানি উপলক্ষে গত শুক্রবার ত্রিপুরার রাজধানী আগরতলায় সেখানকার সিমেন্ট ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে ত্রিপুরা রাজ্যের আটটি জেলা থেকে দেড় শতাধিক সিমেন্ট ব্যবসায়ী অংশ নেন।
সভায় ত্রিপুরা চেম্বারের সভাপতি এম এল দেবনাথ বলেন, সিমেন্ট, রড, প্লাস্টিক, খাদ্যসামগ্রীসহ অনেক বাংলাদেশি পণ্য ত্রিপুরার বিশাল বাজার দখল করে আছে। উন্নত মান ও সঠিক দামের কারণে এ রাজ্যের মানুষের কাছে বাংলাদেশি পণ্যের কদর রয়েছে। এতে দুই দেশের বাণিজ্যঘাটতি কমে যাওয়ার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় হচ্ছে।
ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী বলেন, দেশের চাহিদা মিটিয়ে ডায়মন্ড সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। দেশের মতো বিদেশের বাজারেও সুনাম ও প্রতিষ্ঠিত হতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ডায়মন্ড সিমেন্টের বিপণন বিভাগের ব্যবস্থাপক মোখলেসুর রহমান ও এজিএম এম এ রহিম, কর্মকর্তা মো. কামরুজ্জামান ও ত্রিপুরার আমদানিকারক সেলিম মিয়া অনুষ্ঠানে বক্তব্য দেন। ব্র্যান্ড পরিচিতির লক্ষ্যে গত ২৯ জানুয়ারি থেকে আগরতলায় শুরু হওয়া ২৫তম ত্রিপুরা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও অংশ নিয়েছে ডায়মন্ড সিমেন্ট।
এ ছাড়া পরিচালক হাকিম আলীর নেতৃত্বে ডায়মন্ড সিমেন্টের একটি প্রতিনিধিদল ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী, গণপূর্ত ও স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীর সঙ্গেও সাক্ষাৎ করেন।