ত্রিপুরায় ধনতেরাস উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় আজ সোমবার থেকে সোনার গয়না বেচাকেনার পাঁচ দিনব্যাপী ‘ধনতেরাস’ উৎসব শুরু হচ্ছে। এতে প্রায় শত কোটি রুপির গয়না বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা।
ধনতেরাস হচ্ছে মূলত ভারতের গুজরাট ও রাজস্থান প্রদেশের হিন্দুদের একটি উৎসব। কালীপূজা সামনে রেখে বা দিওয়ালি উৎসবকে ঘিরে আয়োজন করা হয় ধনতেরাস। মাড়োয়ারিদের বিশ্বাস, এই সময়ে গয়না কিনলে নাকি সুখ ও সমৃদ্ধি দুটোই বাড়ে।
কলকাতা ও আগরতলায় গয়না বিক্রির প্রতিষ্ঠান শ্যামসুন্দর জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা প্রথম আলোকে বলেন, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বাঙালিদের মধ্যেও দিন দিন ধনতেরাস উৎসবে গয়না কেনার আগ্রহ বাড়ছে।
মুঠোফোনে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ধনতেরাসের সোনার অলংকার কেনার মজাটাই আলাদা। পূজা বা ঈদের মতো মহিলাদের কাছে ধনতেরাসও এখন আকর্ষণীয় উৎসব।
স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশ থেকেও বহু মানুষ ত্রিপুরা ও কলকাতায় ধনতেরাস থেকে গয়না কিনে নেন। ফলে পয়লা বৈশাখ, ঈদ, দুর্গাপূজা ও বিয়ের মৌসুমের মতো ধনতেরাসেও প্রচুর পরিমাণ গয়না বেচাকেনা হয়।
রূপক সাহা জানান, ত্রিপুরায় ধনতেরাসে তাঁরা প্রায় ১০০ কোটি রুপির বিক্রি আশা করছেন।