দক্ষিণ আফ্রিকায় এক সপ্তাহে তিন অর্থমন্ত্রী!
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা মাত্র এক সপ্তাহের মধ্যে তিন তিনজনকে অর্থমন্ত্রী করেছেন। সর্বশেষ অর্থাৎ তৃতীয়বার অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ প্রভিন গরধান। তাঁর আগে এই দায়িত্বে ছিলেন স্বল্পপরিচিত ডেভিড ভন রুয়েন, যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল গত বৃহস্পতিবার।
গত সপ্তাহেই অর্থমন্ত্রী হিসেবে প্রথমে নিয়োগ পান নালানহ্লা নেনে। কিন্তু দক্ষিণ আফ্রিকার মুদ্রা র্যান্ডের বিনিময় হার কমে নিম্নপর্যায়ে নেমে যাওয়ার রেকর্ড হওয়ায় এবং শেয়ারবাজার ব্যাপকভাবে হোঁচট খাওয়ায় তিনি কঠোর সমালোচনার মুখে পড়েন। পরিণতিতে তাঁকে সরিয়ে দেন প্রেসিডেন্ট জ্যাকব জুমা। খবর বিবিসির।
অবশ্য দক্ষিণ আফ্রিকার অর্থনীতিতে এখন টিকে থাকার চেষ্টা চলছে। সে জন্যই প্রভিন গরধানকে পুনরায় অর্থমন্ত্রী করা হয়েছে। এর আগে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি দেশটির অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তাঁকে দেশে শ্রদ্ধার চোখেই দেখা হয়।
আফ্রিকায় বিবিসির বিজনেস রিপোর্টার লেরাটো এমবেলে বলেন, র্যান্ডের বিনিময় হারকে চাঙ্গা করে তোলা এবং শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতেই মূলত প্রভিন গরধানকে মন্ত্রিসভায় ফিরিয়ে আনা হয়েছে।
নতুন অর্থমন্ত্রীর নেতৃত্বে মুদ্রা বিনিময় হার ও শেয়ারবাজার দ্রুত ঘুরে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে সে লক্ষণও দেখা যাচ্ছে। যেমন আগে প্রতি মার্কিন ডলারের বিপরীতে যেখানে বিনিময় হতো ১৬ র্যান্ড সেখানে গতকাল সোমবার তা কমে ১৫ র্যান্ডে নেমে এসেছে। একইভাবে জোহানেসবার্গের শেয়ারবাজারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
তবে প্রভিন গরধানের জন্য যে নতুন করে পাওয়া অর্থমন্ত্রীর দায়িত্বটি কঠিন হবে সেটিও স্বীকার্য। কারণ দক্ষিণ আফ্রিকায় বেকারত্বের হার বেড়ে ইতিমধ্যে ২৫ শতাংশ ছাড়িয়ে গেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিও এখন ভালো নয়। ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান ফিচ সম্প্রতি দক্ষিণ আফ্রিকার রেটিং কমিয়ে দিয়েছে।
বিশ্লেষকেরা মনে করেন, গত কয়েক দিনে অর্থনীতিতে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তাতে দক্ষিণ আফ্রিকার সুনাম বেশ ক্ষুণ্ন হয়েছে।
এদিকে মাত্র এক সপ্তাহের মধ্যেই দুই দুইজন অর্থমন্ত্রীকে তাঁদের পদ থেকে সরিয়ে দিয়ে তৃতীয় আরেকজনকে নিয়োগ দেওয়ার ঘটনাকে প্রেসিডেন্ট জ্যাকব জুমার সাংঘাতিক ভুল বলে মনে করছেন কেউ কেউ।
অন্যদিকে বিরোধী দল অর্থমন্ত্রী বদল না করে বরং প্রেসিডেন্ট জ্যাকব জুমাকেই পদত্যাগ করার পরামর্শ দিয়েছে।