দিল্লিতে দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্বিক সহযোগিতার ভিত্তিতে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক চালচিত্রে আমূল পরিবর্তন ঘটাতে তিন দিনের অর্থনৈতিক সম্মেলন শুরু হলো। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর পাঁচতারা হোটেলে এই সম্মেলন উদ্বোধন করেন ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু। ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামনের আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দিতে দিল্লি এসেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বিশ্বব্যাংকের সহায়তায় কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক। সার্ক সদস্যভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রী, বাণিজ্য-সম্পর্কিত নীতিনির্ধারকেরা, সরকারি আমলা, বহুজাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা, শিল্পপতি, রাজনীতিক ও কূটনীতিকেরা এই সম্মেলনে অংশ নিয়ে বাণিজ্য প্রসারের মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করবেন।

সম্মেলনের মূল উদ্দেশ্য সবার অগ্রগতির মাধ্যমে অর্থনৈতিক ছবিটা পাল্টে দেওয়া, যা কর্মসংস্থানের এক বিপুল সম্ভাবনা সৃষ্টি করবে। প্রতিটি দেশে শিল্প বিকাশের যে সম্ভাবনা রয়েছে, তার পূর্ণ বিকাশ ঘটানো এই সম্মেলনের লক্ষ্য। এ জন্য শুধু সরকারি ক্ষেত্র নয়, বেসরকারি ক্ষেত্রের বিকাশ এবং সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি ঘটানোর সম্ভাবনাও এই সম্মেলনে খতিয়ে দেখা হবে। বিশ্বব্যাংক চায়, দ্বিপক্ষীয় ক্ষেত্রের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বাড়িয়ে লগ্নি বহুমাত্রিক করে তুলতে, যাতে প্রবৃদ্ধির হার গোটা দক্ষিণ এশিয়া অঞ্চলেই সমহারে হতে পারে।

আজ মঙ্গলবার এই সম্মেলনে বাংলাদেশের অপার সম্ভাবনার কথা তুলে ধরবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ১৬ কোটি বাংলাদেশির সমৃদ্ধির নীলনকশা কতটা উজ্জ্বল এবং কী বিপুল সম্ভাবনা নিহিত রয়েছে বাণিজ্যমন্ত্রী তা ব্যাখ্যা করবেন। বুধবার তোফায়েল আহমেদ দেখা করবেন ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে। সেই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।