দিল্লির 'দরবার' আয়োজনে ভাটা

মোগল আমলে ছিল দিল্লির শাহি দরবার। সেখানে শাসকেরা দর্শনপ্রার্থীদের সাক্ষাৎ দিতেন, আরজি শুনতেন, দেশের অবস্থা সম্পর্কে জানতেন। কালক্রমে সেই দরবার হারিয়ে যায়। ব্রিটিশরা ভারতের শাসনভার নেয়। এরপর ভারত স্বাধীন হলো। আর ছয় দশকের বেশি সময় ধরে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিকশিত হয়েছে।
কিন্তু ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘দরবার’ যেন ঘুরেফিরে রয়ে গেছে সময়ের এই দীর্ঘ পরিক্রমায়। পাল্টে গেছে রূপটা। সাম্প্রতিক বছরগুলোয় সরকারের মন্ত্রী ও আমলারা নিয়মিতভাবেই যেন দরবারে বসতেন শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী, বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে।
তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দল কংগ্রেসের প্রভাবশালী নেতারা এসব দরবারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। রাজধানীর নামীদামি হোটেলের লবিতে তাঁদের নিয়মিত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সুস্বাদু কাবাব আর দামি পানীয় সহযোগে অতিথিরা মেতে উঠতেন খোশগল্পে। তার মধ্য দিয়েই ঠিক হয়ে যেত কোটি কোটি টাকার কোনো ব্যবসা কিংবা নতুন কোনো উদ্যোগ।
কিন্তু হিন্দু জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত নিরামিষভোজী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মে মাসে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর দিল্লি দরবারসংস্কৃতিতে একটা আঘাত এসেছে। তিনি তাঁর মন্ত্রিসভার সদস্যদের এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রভাবশালী সদস্যদের নিরুৎসাহিত করছেন রাজধানীতে এ ধরনের অতিমাত্রায় সামাজিক আয়োজনে সম্পৃক্ত হতে।
মোদি বিশেষভাবে এটাও জানিয়ে দিয়েছেন যে সরকার বা দল থেকে কোনো ধরনের কোনো তথ্য গণমাধ্যমের কাছে ফাঁস হওয়ার কোনো ঘটনা তিনি সহ্য করবেন না। কংগ্রেস আমলে এ ধরনের ঘটনা একটা পর্যায়ে নিয়মিত হয়ে উঠেছিল। কেননা বিভিন্ন হোটেলে এ ধরনের সামাজিক অনুষ্ঠানে বড় সাংবাদিকেরাও আমন্ত্রিত হতেন।
অবশ্য মোদির এই কঠোরতা আরোপকে ব্যবসায়ী-শিল্পপতি শ্রেণির সঙ্গে দূরত্ব সৃষ্টি করার জন্য নয় বলেই মনে করছেন বিশ্লেষকেরা। কেননা, মন্ত্রীদের ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে যে উদ্যোক্তা বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের যেন সরকারি দপ্তরেই সাক্ষাৎ দেওয়া হয়। আর পাঁচ তারকা হোটেলের লবিতে বসে কিংবা ভোজনের আসরে এ ধরনের দেখা-সাক্ষাৎ পরিহার করাই ভালো।
ব্যবসায়ী-শিল্পপতিরাও পরিবর্তনের হাওয়া টের পাচ্ছেন। তাঁদের কাছে বার্তা চলে গেছে, যেকোনো বিষয়ে দেন-দরবার করার জন্য ব্যক্তিগতভাবে দিল্লিতে আসার দরকার নেই। বরং তাঁরা যেন ই-মেইলে তাঁদের সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জানিয়ে দেন। আর সরকারের তরফ থেকেও যে যথাযথভাবে জবাব দেওয়া হবে, সেটিও আশ্বস্ত করা হয়েছে।
অনেক ব্যতিক্রম থাকলেও ভারতীয় আমলারা কাজের প্রতি উদাসীনতার জন্য ব্যাপকভাবে নিন্দিত। দপ্তরে কাজের চেয়ে দামি হোটেলে মধ্যাহ্নভোজ সারা, বিকেলে অভিজাত ক্লাবে গলফ খেলা আর সন্ধ্যায় ঝলমলে পার্টিতে হাজির হওয়া তাঁদের কাছে অধিক পছন্দের। আর এসব পছন্দের কাজ নিজের পকেটের খরচে কমই সারতে হয়।
মোদি ও তাঁর দল এই অবস্থা চলতে দিতে রাজি নন। তাই মন্ত্রীদের ওপর নির্দেশ রয়েছে, সকাল নয়টায় দপ্তরে এসে খোঁজ নেওয়ার জন্য সব কর্মকর্তা-কর্মচারী সময়মতো এসেছেন কি না। বায়োমেট্রিকভাবে আঙুলের ছাপ যন্ত্র স্থাপনের কথা ভাবা হচ্ছে সরকারি দপ্তরগুলোয়। অনিয়মকারীদের বিরুদ্ধে বিধি অনুসারে ব্যবস্থা কঠোরভাবে প্রয়োগের কথাও বলা হচ্ছে।
এসবের কিছু প্রভাবও পড়েছে সরকারি দপ্তরগুলোয়। নির্ধারিত সময়ের চেয়ে বেশিক্ষণ কাজ করা ইতিমধ্যে একটা অভ্যাসে রূপ নিতে শুরু করেছে। আর তা নিম্নশ্রেণির কর্মচারী থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা—সবার জন্যই প্রযোজ্য হচ্ছে। তাঁদের সন্ধ্যায় ও ছুটির দিনেও কাজ করতে হচ্ছে।
লক্ষণীয় দিক হলো, মোদি নিজেও জনসম্পৃক্ততা কমিয়ে দিয়েছেন। নির্বাচনের আগে তিনি যেভাবে প্রচারণায় লিপ্ত থেকে গণসংযোগ করেছেন, নির্বাচনের পর যেন তার উল্টো রূপ দেখছে ভারতের জনগণ। বুঝিবা আড়াল থেকে নীরবে কাজ করে যাওয়ার প্রতিই তাঁর বেশি চেষ্টা। একই সঙ্গে চেষ্টা আছে ক্ষমতার কেন্দ্রটি পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখার। ঘন ঘন জনসমক্ষে আসার বদলে ভেতর থেকে সরকারের প্রতিটি পর্যায় নিজের নখদপর্ণে নিয়ে আসাকেই মোদি আখেরে অধিক ফলপ্রসূ বলে মনে করছেন।
সূত্র: ফাইনান্সিয়াল টাইমস