দুই জীবনে তাঁর বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল পুঙ্ক
মাইকেল পুঙ্ক

দুই জীবনে বাস করেন মাইকেল পুঙ্ক। তিনি এখন ডেপুটি ইউএসটিআর। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে উপবাণিজ্য প্রতিনিধি। বাণিজ্য বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিওতে তিনি এখন মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে। ডব্লিউটিওর সদর দপ্তর এখন সুইজারল্যান্ডের জেনেভায়। ২০১০ সাল থেকে তিনি এখানে আছেন।
বাণিজ্য আলোচনায় বিশ্বের অন্যতম দক্ষ মানুষ হিসেবে মাইকেল পুঙ্কের খ্যাতি আছে। গত ডিসেম্বরে কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠকে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এর আগে বিল ক্লিনটনের সময় তিনি হোয়াইট হাউসের আন্তর্জাতিক অর্থনৈতিক বিষয়ে পরিচালক ছিলেন।
এবার আরেকজনের কথা বলি, লিওনার্দো ডিক্যাপ্রিও। অবশেষে অস্কার পেলেন। এবার অস্কার না পেলে লিওনার্দোর চেয়ে তাঁর ভক্তরাই সম্ভবত বেশি দুঃখ পেতেন। আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর দ্য রেভেন্যান্ট ছবিতে অভিনয়ের জন্য তিনি ৮৮তম অস্কার আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। সেরা পরিচালকের অস্কার পেয়েছেন মেক্সিকোর পরিচালক ইনারিতু।
প্রশ্ন হলো হলিউডের সঙ্গে ডেপুটি ইউএসটিআরের কী সম্পর্ক? সম্পর্ক একটা আছে। আর এটাই এখন আলোচনার বিষয়। হলিউড প্রসঙ্গে বিশ্বের বড় গণমাধ্যমগুলো এখন লিখছে মাইকেল পুঙ্ককে নিয়ে। কারণ, লিওনার্দো ডিক্যাপ্রিও অস্কারসহ এ বছরের প্রায় সবগুলো পুরস্কার নিলেন যে সিনেমা থেকে, সেটি এই মাইকেল পুঙ্কের লেখা। ২০০২ সালে বইটি প্রকাশ পেয়েছিল। তবে মজার ব্যাপার হলো দ্য রেভেন্যান্ট আর লিওনার্দোর এই জয়জয়কারের মধ্যেও বইটির লেখক থেকে যাচ্ছেন আড়ালেই। কারণ, নিজের লেখা বই বা সিনেমাটি নিয়ে কথা বলার অনুমতি নেই মাইকেল পুঙ্কের। মজার তথ্য হচ্ছে, গত ডিসেম্বরে সিনেমাটি যখন মুক্তি পায়, তখন মাইকেল পুঙ্ক নাইরোবিতে ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের বাণিজ্য আলোচনায় ব্যস্ত ছিলেন।

.
.

একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে মাইকেল পুঙ্ক গণমাধ্যমে তাঁর বই নিয়ে কোনো কথা বলতে পারেন না। এমনকি এ-সংক্রান্ত কোনো অনুষ্ঠানেও যেতে পারেন না। বইয়ে স্বাক্ষর দিতেও পারেন না। মোট কথা এমন কিছু করতে পারেন না, যাতে মনে হবে তিনি নিজের অবস্থানকে ব্যবহার করছেন। তবে রয়্যালটি পান। এটাই যুক্তরাষ্ট্রের নিয়ম।
কাজের সূত্রে মাইকেল পুঙ্ককে বিভিন্ন দেশ অহরহ সফর করতে হয়। এ রকমই এক সফরে উড়োজাহাজে বসে তিনি শুরু করেছিলেন দ্য রেভেন্যান্ট বইটি লেখার কাজ। সেটি ১৯৯৭ সালের কথা। তিনি তখন একটি ল’ ফার্মে কাজ করেন। প্রতিদিন ভোর পাঁচটায় অফিস যেতেন। তিন ঘণ্টা লিখতেন। তারপর টানা ৮ থেকে ১০ ঘণ্টা কাজ করতেন। চার বছর লেগেছিল বইটি শেষ করতে।
২০০২ সালে ১৫ হাজার কপি ছাপা হয়েছিল বইটি। সব কপি বিক্রি হয়ে যাওয়ায় বাজারে বইটি ছিল না। কিন্তু বইটি নিয়ে সিনেমা হচ্ছে জানার পর ২০১৫ সালে নতুন করে ছাপা হয় দ্য রেভেন্যান্ট। এরপর থেকে এখন পর্যন্ত বইটির পাঁচ লাখ কপি বিক্রি হয়েছে।
নিজের কাজের জগতে এমনিতেই বিখ্যাত মাইকেল পুঙ্ক। কিন্তু এখন তিনি রীতিমতো তারকা। এই তো গত মাসে দাভোসে হয়ে গেল বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক। সেখানে তাঁর সঙ্গে ছবি তোলার জন্য প্রতিযোগিতাও কম হয়নি। নিউইয়র্ক টাইমস মাইকেল পুঙ্ককে না পেয়ে কথা বলেছে ডব্লিউটিওর মুখপাত্র কিথ রকওয়েলের সঙ্গে। তিনি বললেন, জেনেভায় অন্য সহকর্মীরা এখন মাইকেলের সঙ্গে ঠাট্টা করে জানতে চান, তাঁর বন্ধু লিও (লিওনার্দো ডিক্যাপ্রিও) এখন কেমন করছে। এর কারণ হচ্ছে এর আগে ডব্লিউটিওর সঙ্গে হলিউডের তেমন কোনো সম্পর্ক ছিল না।
তবে সবচেয়ে ভালো বলেছেন ইউএস চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক ক্রিস্টোফার ওয়েঙ্ক। তিনি বলেন, ‘এই মানুষটির জীবনবৃত্তান্ত পড়ে দেখেন। পড়লে দেখবেন তিনি আসলে দুটি জীবনে বাস করেন।’
এখন থেকে তাঁর দুই জীবনের প্রতিই মানুষের আগ্রহ থাকবে।