ভারতের শেয়ারবাজারের বিনিয়োগকারীরা হঠাৎ করেই যেন ধনী হয়ে উঠেছেন। মাত্র দুই মাসে শেয়ারবাজারে তাঁদের বিনিয়োগের মূল্যমান ৯ লাখ ৫১ হাজার কোটি রুপি বেড়েছে; যা বাংলাদেশের প্রায় ১২ লাখ কোটি টাকা বা চার বছরের জাতীয় বাজেটের সমান।
গত ১২ জুনের পর থেকে এ পর্যন্ত বিনিয়োগকারীদের মোট সম্পদমূল্য বেড়ে প্রায় ১ কোটি ৬ লাখ ৫৯ হাজার ৭৩৯ হাজার কোটি রুপিতে (১০৬,৫৯,৭৩৯ কোটি) উন্নীত হয়েছে।
মুম্বাইভিত্তিক শেয়ারবাজার বোম্বাই স্টক এক্সচেঞ্জের (বিএসই) প্রধান সূচক সেনসেক্স জুনের প্রথম দিকে বেশ পড়ে গিয়েছিল। এরপরই তা ঘুরে দাঁড়ায় এবং মাস দুয়েকের মধ্যে দুই হাজার পয়েন্টের বেশি বৃদ্ধি পায়।
বিএসইতে তালিকাভুক্ত সব কোম্পানির মোট বাজার মূলধনের ভিত্তিতে বিনিয়োগকারীদের শেয়ারের মূল্যমান হিসাব করা হয়েছে।
গতকাল সোমবার সেনসেক্স সূচক আগের লেনদেন দিবসের চেয়ে ১৪২ পয়েন্ট বা ৭ দশমিক ৬ শতাংশ কমে ২৮ হাজার ৩৭৯ পয়েন্টে ওঠে। এটি এ সূচকের ১১ জুনের ২৬ হাজার ৩৭১ পয়েন্ট থেকে ২ হাজার ৭ পয়েন্ট বেশি। এদিন বিএসইর মোট বাজার মূলধনের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৯৭ লাখ ৮ হাজার ৫১৮ কোটি রুপি।
বিএসইর সেনসেক্স সূচকের এমন উল্লম্ফনে বিশেষ করে স্থানীয় মিউচুয়াল ফান্ডগুলোর ভূমিকাই বেশি। ১২ জুন থেকে ৭ আগস্ট পর্যন্ত মিউচুয়াল ফান্ডগুলোর নিট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৮৪৫ কোটি রুপি। একই সময়ে বিদেশি প্রতিষ্ঠানগুলোর নিট বিনিয়োগ হয়েছে ৪ হাজার ৮৩৭ কোটি রুপি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, সবচেয়ে ভালো করেছে ব্যাংক খাতের শেয়ার। এ ছাড়া রিফাইনারি, ওষুধশিল্প, ভোগ্যপণ্য, অটোমোবাইল বা গাড়ি এবং তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানিগুলোর শেয়ারের দামও খুব চাঙা হয়ে উঠেছে।
তবে তেজি বাজারেও কোনো কোনো কোম্পানির শেয়ার দর নুয়ে পড়ার খবরও আছে। যেমন-বেদান্ত, ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি) এবং টাটা মোটরসের মতো কোম্পানিগুলোর বাজার মূলধন ১০ কোটি রুপি করে খোয়া গেছে। একইভাবে গেইল ইন্ডিয়া, এনএমডিসি, টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস), টাটা স্টিল, কেয়ার্ন ইন্ডিয়া, টেক মাহিন্দ্রা, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, ভারতি ইনফ্রাস্ট্রাকচার এবং হিন্দুস্তান জিঙ্ক মার্কেট প্রভৃতি কোম্পানি বাজার মূলধন হারিয়েছে ২ হাজার থেকে ৭ হাজার কোটি রুপি করে।
সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড