দুতার্তের গলাবাজিতে কমছে ফিলিপাইনের মুদ্রার মান
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের গলাবাজিতে কমছে দেশটির মুদ্রা পেসোর মূল্যমান। সর্বশেষ অক্টোবর মাসে দেশটিতে এক মার্কিন ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৬১৮ পেসো, যা গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন। অক্টোবরেই পেসোর মূল্যমান ৩ শতাংশ কমেছে।
গত ৯ জুন ফিলিপাইনের স্থানীয় মুদ্রায় এক ডলারের দাম ছিল ৪৫ দশমিক ৮৫ পেসো। দুতার্তে ৩০ জুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকে অশ্লীল কথা, হুমকি, গালিগালাজ—কোনো কিছুই বাদ যায়নি। ব্লুমবার্গের এক সংবাদে গত মঙ্গলবার বলা হয়েছে, দুতার্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন। এতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ কারণেই মুদ্রার মান কমছে।
বহুজাতিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ক্রেডিট সুইস বলছে, আগামী মার্চের মধ্যে ফিলিপাইনে ডলারের বিনিময় মূল্য দাঁড়াতে পারে ৫০ দশমিক ৩ পেসোতে। ২০০৮ সালে বিশ্ব অর্থনৈতিক মন্দার সময় পেসোর মূল্যমান এত নিচে নেমেছিল।