দুবাইয়ে হবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। বিশ্ব বিমান পরিবহন ব্যবস্থায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বর্তমান মাকতুম বিমানবন্দর থেকে ৩০ কিলোমিটার দূরে আরেকটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার।
দুবাইয়ের উপকণ্ঠে নতুন শহর দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রালের (ডিডব্লিউসি) কাছে নির্মিত হবে বিমানবন্দরটি। ডিডব্লিউসি হলো ১৪০ বর্গকিলোমিটার আয়তনের নতুন একটি শহর, যার নির্মাণকাজ চলছে।
প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নির্মাণ সম্পন্ন হলে এটি হবে বিশ্বের সবচেয়ে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত বিমানবন্দর। এতে মোট পাঁচটি রানওয়ে থাকবে। প্রতিটি রানওয়ের দৈর্ঘ্য হবে সাড়ে চার কিলোমিটার, যাতে একই সঙ্গে বড় আকারের এ৩৮০ মডেলের পাঁচটি এয়ারবাস বিমান ওঠানামার সুযোগ থাকবে।
দুবাই এয়ারপোর্টের করপোরেট কমিউনিকেশনের প্রধান কর্মকর্তা জুলিয়াস বোম্যান বার্তা সংস্থা পিটিআইকে বলেন, বর্তমান বিমানবন্দর থেকে ৩০ কিলোমিটার দূরে ৩২ বিলিয়ন ডলার খরচে সম্পূর্ণ নতুন এ বিমানবন্দর নির্মাণ করা হবে। প্রথম ধাপের নির্মাণ সম্পন্ন হলে বছরে ১২ কোটি যাত্রীর যাতায়াতের সুবিধা থাকবে এখানে। ২০২০ সালে পুরো নির্মাণকাজ সম্পন্ন হলে বছরে ২০ কোটি যাত্রী এ বিমানবন্দরের মাধ্যমে যাতায়াত করতে পারবেন।
বোম্যান দাবি করেন, নির্মাণকাজ সম্পন্ন হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর। এটির একটি টার্মিনাল হবে সাতটি ফুটবল মাঠের সমান। পাঁচটি রানওয়ে একই সঙ্গে কার্যকর থাকবে এবং প্রতিটি রানওয়েতে একই সময়ে বিশাল আকারের এয়ারবাস বিমান ওঠানামা করতে পারবে।
দুবাই এয়ারপোর্টের মার্কেটিং ও করপোরেট যোগাযোগ কর্মকর্তা জায়গাম আলি জানান, ২০১৫ সাল থেকে নতুন বিমানবন্দরের কাজ শুরু করা হবে।
একই সময়ে ২০০ বড় আকারের বিমান রাখার ব্যবস্থা থাকবে এ বিমানবন্দরে। মোট চারটি টার্মিনালকে সংযুক্ত করতে ছয়টি এয়ারপোর্ট ট্রেনের ব্যবস্থা থাকবে। এখানে প্রতিবছর এক কোটি ২০ লাখ টন কার্গো মালামাল পরিবহন করা যাবে।
বর্তমান আল মাকতুম বিমানবন্দর ২০১৩ সালের ২৭ অক্টোবর চালু হয়। তিনটি বিমান পরিবহন সংস্থা এ বিমানবন্দর থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বিমানবন্দরটির একটি এ৩৮০ মডেলের এয়ারবাস বিমান ওঠানামা করতে সক্ষম রানওয়ে এবং একসঙ্গে ৬৪টি বিমান রাখার সক্ষমতা আছে। এখানে একটি কার্গো টার্মিনালে বার্ষিক আড়াই লাখ টন মালামাল পরিবহনের সক্ষমতা রয়েছে। বছরে মোট ৫০ লাখ যাত্রী যাতায়াতের ক্ষমতা আছে বিমানবন্দরটির।
আল মাকতুম বিমানবন্দরটি বর্তমানে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পর বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর (২০১৩ সালে আন্তর্জাতিক যাত্রী পরিবহনের হিসাবে)। ভৌগোলিক সুবিধাজনক অবস্থান ও জ্বালানি তেলের প্রাচুর্যের কারণে দুবাই বর্তমানে বিমান পরিবহন খাতের একটি কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।
প্রস্তাবিত বিমানবন্দরটির প্রথম ধাপের নির্মাণ পরিকল্পনায় রয়েছে একটি এয়ারবাস বিমান ওঠানামার সুবিধা, বার্ষিক ৫০ লাখ যাত্রী যাতায়াতের ক্ষমতাসম্পন্ন একটি টার্মিনাল, বার্ষিক আড়াই লাখ টন মালামাল পরিবহন ক্ষমতাসম্পন্ন একটি কার্গো টার্মিনাল এবং ৯২ মিটার ক্ষমতাসম্পন্ন বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ টাওয়ার।
দুবাইয়ে নতুন এ বিমানবন্দরটি নির্মাণ করবে আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দুবাই এয়ারপোর্ট। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং নতুন নির্মিত আল মাকতুম বিমানবন্দর পরিচালনা করে থাকে প্রতিষ্ঠানটি।
নতুন বিমানবন্দর তৈরির পাশাপাশি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে ৭৮০ কোটি ডলারের আরেকটি প্রকল্পের কাজ ২০১১ সাল থেকে শুরু হয়েছে। ২০১৬ সালে এ প্রকল্পের কাজ সমাপ্ত হলে প্রতিবছর দুবাই বিমানবন্দর দিয়ে এক কোটি যাত্রী যাতায়াত করতে পারবেন।
সূত্র: বিজনেস লাইন