দুর্ঘটনা বিমা চালুর বিষয়ে জার্মানিতে কর্মশালা
বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে দুর্ঘটনা রোধ ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনা বিমা চালুর বিষয়ে জার্মানিতে মাসব্যাপী এক কর্মশালা গত সপ্তাহে শেষ হয়েছে। এতে পোশাকশিল্পে দীর্ঘস্থায়ী সামাজিক নিরাপত্তার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং জার্মান উন্নয়ন ও সহযোগিতা মন্ত্রণালয়ের অর্থায়নে আয়োজিত এই কর্মসূচিতে শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়, শ্রমিক সংগঠন, বিজিএমইএর ২৪ জন প্রতিনিধি যোগ দেন।
জার্মানির ড্রেসডেন, বন ও ডর্টমুন্ড শহরে চার সপ্তাহ ধরে অনুষ্ঠিত হয় কর্মশালা। এতে দুর্ঘটনা বিমার নানা দিক ও শ্রমিকদের প্রতি মালিকপক্ষের সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে প্রশিক্ষণ দেওয়া হয় বাংলাদেশ থেকে আসা প্রতিনিধিদের।
কর্মশালার অধিবেশনগুলো পরিচালনা করেন জার্মানের সামাজিক নিরাপত্তা, দুর্ঘটনা বিমা ও শ্রমিক সংগঠনের প্রশিক্ষকেরা। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক, পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।
বাণিজ্যমন্ত্রী বলেন, বংলাদেশে অচিরেই কিছু পোশাক কারখানায় পরীক্ষামূলক প্রকল্প হিসেবে দুর্ঘটনা বিমা চালু করা হবে।
বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনিসুল আওয়াল।
২০১৩ সালের এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসে এক হাজারের বেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করে বাংলাদেশ থেকে স্বল্পমূল্যে পোশাকসামগ্রী আমদানির বিরুদ্ধে জার্মানিসহ বিভিন্ন দেশে প্রতিবাদের ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে জার্মানিসহ বিভিন্ন দেশের সংসদীয় কমিটি বাংলাদেশে গিয়ে স্বচক্ষে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করে।
বাংলাদেশের পোশাক খাতকে পরিবেশবান্ধব করানোর লক্ষ্যে জার্মান সরকার এ পর্যন্ত ১ কোটি ৬০ লাখ ইউরো সাহায্য দিয়েছে।