দুর্নীতি ঠেকাতে চীনে সরকারি টাকায় ইএমবিএ পড়া বন্ধ

চীনের সরকারি কর্মকর্তাদের এক্সিকিউটিভ মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ) ডিগ্রি অর্জনে নতুন নিয়ম জারি করা হয়েছে। দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশটির সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ হলো, ইএমবিএ পড়তে গিয়ে তাঁদের অনেকেই বেসরকারি খাতের উদ্যোক্তা ও নির্বাহীদের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন।
সরকারের এক আদেশে এ সম্পর্কে বলা হয়েছে, ইএমবিএ ডিগ্রি নিতে হলে সরকারের পূর্বানুমতি নিতে হবে এবং পড়ালেখার ব্যয় নিজেদেরই মেটাতে হবে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কর্মী, সরকারি আমলা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে কর্মরত সবার জন্যই এ আদেশ প্রযোজ্য।
আদেশে আরও বলা হয়েছে, বর্তমানে যেসব সরকারি কর্মকর্তা ব্যয়বহুল এই ডিগ্রি নেওয়ার অধ্যয়নে আছেন, তাঁদের তা বাতিল করতে হবে।
এই আদেশকে চীনে ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠা ইএমবিএ ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ওপর একটি বড় আঘাত বলে মনে করা হচ্ছে। মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইএমবিএ ডিগ্রি অর্জন করতে চীনে খরচ পড়ে ছয় লাখ রেনমিনবির বেশি বা এক লাখ মার্কিন ডলার। অনেক বিজনেস স্কুল স্কলারশিপ বা বৃত্তির ব্যবস্থা করে সরকারি কর্মকর্তাদের এই ডিগ্রি নেওয়ার সুযোগ করে দেয়। এর ফলে তাঁরা অনেকটা বিনা মূল্যেই পড়ার সুবিধাটি নেন।
বর্তমানে চীনে মোট ইএমবিএ শিক্ষার্থীর ৫ থেকে ৮ শতাংশ হলো সরকারি কর্মকর্তা; যাঁদের একটি বড় অংশই বিভিন্ন বিজনেস স্কুলের বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন। ইতিপূর্বে ইএমবিএ ডিগ্রি নেওয়া বহু বিখ্যাত লোক এখন সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন। তাঁদের মধ্যে আছেন চীনের সবচেয়ে বড় শহর চংকিংয়ের মেয়র হুয়াং কিফান, হুনান প্রদেশের গভর্নর ডু জিয়াহাও প্রমুখ।
চীনের খ্যাতনামা বিজনেস স্কুল সিবসের অনারারি প্রেসিডেন্ট লিউ জি সরকারের এই পদক্ষেপকে ভালো চোখে দেখছেন না। তিনি বলেন, ‘কিছু লোকের ব্যক্তিগত দুর্নীতির দায় আপনি সবার ওপর চাপিয়ে দিতে পারেন না। এটা অনেকটা মাথাব্যথায় মাথা কেটে ফেলার মতো সমাধান।’ তিনি আরও বলেন, ‘গত কয়েক মাসে মন্ত্রী পর্যায়ের অনেক কর্মকর্তাকে বিভিন্ন স্কুল থেকে বাদ দেওয়া হয়েছে; যাঁদের অনেকেই ইএমবিএর বাইরে চীনা সেন্ট্রাল পার্টি স্কুলে উচ্চতর প্রশিক্ষণে যুক্ত ছিলেন। তাহলে কি এখন পার্টি স্কুলও বন্ধ করে দিতে হবে?’
লিউ জি মনে করেন, এ ধরনের পদক্ষেপ চীনের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থের অনুকূল হবে না; বরং তা মুক্তবাজার অর্থনীতির এই যুগে উদারীকরণের বিপরীত পদক্ষেপই হবে বৈকি।
দুর্নীতিবিরোধী অভিযানের রোষানলে যাতে না পড়তে হয়, সে জন্য অনেক সরকারি কর্মকর্তা ইতিমধ্যেই বিভিন্ন বিজনেস স্কুলে ইএমবিএ পড়া থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। তবে গত মাসে সরকারের ঘোষিত সংস্কার কার্যক্রমে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়ার কথা বলা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে একটি বিজনেস স্কুলের প্রধান বলেন, ‘ইএমবিএ সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ স্থাপনের একটি ভিত্তি। এখানে এসে কর্মকর্তারা উদ্যোক্তাদের চিন্তাভাবনা সম্পর্কে যেমন জানতে পারেন, তেমনি উদ্যোক্তারাও জানতে পারেন দেশ কীভাবে পরিচালিত হচ্ছে।’ সরকারি সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, গত বছর ভর্তি হওয়া প্রায় সব সরকারি কর্মকর্তা মামলার ভয়ে ইএমবিএ শেষ না করেই ছেড়ে দিয়েছেন। কারণ সরকার মনে করে, এ ধরনের যোগাযোগ ঘুষ-দুর্নীতিকে উৎসাহিত করছে।
যুক্তরাষ্ট্রে পূর্ণকালীন ইএমবিএ ডিগ্রিকে বিবেচনা করা হয় বিজনেস স্কুলগুলোর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হিসেবে। চীনে ব্যাপারটি ঠিক সে রকম নয়। খণ্ডকালীন ইএমবিএকেই এশীয় দেশটিতে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি লাভের সিঁড়ি বিবেচনা করা হয়।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস