ধনী দেশগুলোর স্বার্থেই আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার লোক দরকার
পশ্চিমা দুনিয়া ও পূর্ব এশিয়ার ধনী দেশগুলোতে জনসংখ্যা কমছে। অন্যদিকে দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার স্বল্পোন্নত ও উন্নয়নশীল অঞ্চলে জনসংখ্যা বাড়ছে। বিশ্বে ভবিষ্যতেও এই প্রবণতা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস রয়েছে।
এই অবস্থায় পশ্চিমা দুনিয়া ও পূর্ব এশিয়ার দেশগুলোকে নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে দক্ষিণ এশিয়া ও আফ্রিকা থেকে অভিবাসী শ্রমিক নেওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক টাইলার কাওয়েন।
নিউইয়র্ক টাইমস-এ সম্প্রতি লেখা এক নিবন্ধে এই অর্থনীতিবিদ বলেন, বিশ্ব অর্থনৈতিক সংকট ও মন্দার পরে মুদ্রানীতি, আর্থিক পুনরুদ্ধার প্যাকেজ, বেকারত্ব ও আর্থিক খাত নিয়ন্ত্রণ বা বিধিবিধান ইত্যাদি নিয়ে প্রায়ই বিতর্ক হয়। সব কটাই গুরুত্বপূর্ণ। কিন্তু ভবিষ্যতের কথা ভাবলে পপুলেশন ইকোনমিকস বা জনসংখ্যার অর্থনীতির ওপরও জোর দিতে হবে; যা এখনো আলোচনায় অবহেলিত রয়েছে। এটি হলো এমন এক ক্ষেত্র, যেটির মাধ্যমে প্রমাণ হবে দেশগুলো কি আরও ধনী হবে, নাকি অর্থনৈতিক স্থবিরতার মধ্যে থাকবে এবং বৈশ্বিক গুরুত্ব হারাবে।
কাওয়েন বলেন, জনসংখ্যার অর্থনীতি আলোচনায় উপেক্ষিতই থেকে গেছে। অথচ এটিই হতে পারত বছরের সবচেয়ে বড় অর্থনৈতিক সংবাদ। তবে জাতিসংঘের গবেষক প্যাট্রিক গারল্যান্ড ও তাঁর সহলেখকেরা বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ লেখা এক নিবন্ধে জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাস নিয়ে একটি মৌলিক বা কাঠামোগত পর্যালোচনা তুলে ধরেন। এতে তাঁরা আগের পূর্বাভাসের বিপরীত যুক্তি দেখিয়ে জানান, বিশ্বের মোট জনসংখ্যা বর্তমান ৭২০ কোটি থেকে বেড়ে ২১০০ সালে এক হাজার ২৩০ কোটিতে উন্নীত হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ।
কাওয়েন বলেন, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় দ্রুত জনসংখ্যা বাড়লেও দুর্ভাগ্যজনকভাবে এই দুটি অঞ্চলের জীবনযাত্রার মান নিম্ন। তবে বিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের যে ধারণা, সে আলোকে বলা যায়, একদিকে দক্ষিণ এশিয়া ও আফ্রিকায় জনসংখ্যার আধিক্য বজায় থাকবে, অন্যদিকে উন্নত পশ্চিমা ও পূর্ব এশিয়ার দেশগুলোতে উন্নয়নের ধারা অব্যাহত রাখার মতো যুবশক্তির ঘাটতি দেখা দেবে।
এই অবস্থায় একজন অর্থনীতিবিদ হিসেবে কাওয়েন পরামর্শ দিয়ে বলেন, পশ্চিমা দুনিয়া ও পূর্ব এশিয়ায় যেহেতু জনসংখ্যা কমছে, সেহেতু তারা অতিরিক্ত জনসংখ্যা অধ্যুষিত আফ্রিকা ও দক্ষিণ এশিয়া থেকে যুবশক্তি নিতে পারে। এতে অর্থনৈতিকভাবে উভয় পক্ষেরই লাভ হবে। অবশ্য জাতিগত ও সাংস্কৃতিক পার্থক্য ও পক্ষপাতের কারণে এমন হওয়াটা সময়সাপেক্ষ বলে তিনি মনে করেন। অভিবাসীদের (অন্য দেশ থেকে আসা) আইনগত বৈধতা দেওয়া এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষিত-দক্ষ ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার মতো লোক পাওয়াটাও গুরুত্বপূর্ণ বিষয়। এ ছাড়া উন্নত দেশগুলোর অভিবাসীবিষয়ক নীতিমালা বেশ কঠোর। এতে তারা নিজেদের প্রভাব খোয়াতে পারে।
উন্নত দেশগুলো তাদের উজ্জ্বল ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে সাশ্রয়ী খরচে নতুন অভিবাসী শ্রমিক নিতে পারে—এমন মত দিয়ে কাওয়েন বলেন, এতে শুধু উভয় পক্ষেরই লাভ হবে না, বরং গোটা বিশ্বেই জনসংখ্যার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।
উন্নত দেশগুলোর জন্য সমৃদ্ধির প্রবণতা ধরে রাখতে অভিবাসী শ্রমিক নেওয়া একটি প্রতিকার হতে পারে। তা না হলে তাদের অবশ্যই অভ্যন্তরীণ কর্মপরিবেশ শিথিল করার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় জনগণের নাগালের মধ্যে রাখতে হবে। এর ফলে তাদের জনগণ অধিক সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে উৎসাহিত হবেন।
উন্নত দেশগুলোকে তাদের জনসংখ্যা কমে যাওয়ার বিষয়টি অনুধাবন করার আহ্বান জানান কাওয়েন। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপানের উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বাড়লেও ১৯৯৭ সাল থেকে কর্মক্ষম জনশক্তি কমছে। এখন জাপানের সামনে দুটি বিকল্প আছে। হয় দেশে জনসংখ্যা বৃদ্ধি উৎসাহিত করতে হবে, নয় বিদেশ থেকে অভিবাসী এনে কাজ চালাতে হবে। বিশ্বের সবচেয়ে জনবহুল (১৩৯ কোটি) ও বৃহত্তম অর্থনীতির দেশ চীনেও ‘এক-সন্তান নীতি’র কারণে জনসংখ্যা কমছে। একই অবস্থা চলছে দক্ষিণ কোরিয়া ও ভূমধ্যসাগরীয় অববাহিকার ইউরোপীয় দেশগুলোতে।
কাওয়েন বলেন, সৌভাগ্যজনকভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রে এখনো ন্যূনতম হারে জনসংখ্যা বাড়ছে। কিন্তু তা কত দিন চলবে, সেটি বলা কঠিন। যুক্তরাজ্যে অবশ্য জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা বেড়েছে। জনসংখ্যা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে ফ্রান্স ও সিঙ্গাপুর সরকার নতুন নীতিমালা হাতে নিয়েছে। এতে অধিক সন্তান জন্ম দেওয়ার বিষয়টিকে উৎসাহিত করা হয়েছে।
সব মিলিয়ে, বিদ্যমান বৈশ্বিক প্রবণতায় ‘ভবিষ্যতে অনেক নীতিমালায় জনসংখ্যার অর্থনীতি ও বিভিন্ন সামাজিক ইস্যু গুরুত্ব পাবে’ বলে কাওয়েন মনে করেন।