নতুন রুপি সরবরাহ বাড়ছে ভারতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ লাখ নতুন ৫০০ রুপির নোট ছাপিয়েছে ভারত। এ ছাড়া আগামী বুধবারের মধ্যে আরও ৫০ লাখ নতুন ৫০০ রুপির নোট বাজারে আসবে।

আজ রোববার ভারতের টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার নোট ছাপানোর বিষয়ে সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
এ ছাড়া ২০ রুপি, ৫০ রুপি ১০০ রুপির নোটও অধিক সংখ্যায় ছাপানো হচ্ছে বলে জানিয়েছেন এর কর্মকর্তারা।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ও কর্ণাটকের দুটি প্রেসে ৫০০ এবং ২০০০ রুপির নোট ছাপার কাজ শুরু করেছে। চলতি রাজস্ব বছরে ৪০ কোটি ৫০০ রুপির নোট ছাড়ার লক্ষ্যমাত্রা আছে বলে জানিয়েছে কারেন্সি নোট প্রেস (সিএনপি)। দুই সপ্তাহ আগে নতুন এই নোট ছাপানোর কাজ শুরু করেছে সিএনপি।
ব্যাংকগুলোতে নোট পরিবর্তনের ক্ষেত্রে নিয়মের অপব্যবহার হচ্ছে বলেও জানা গেছে। ৫০০ বা ১০০০ রুপির নোট পরিবর্তনের জন্য ২৪ নভেম্বর পর্যন্ত ৪০০০ রুপি সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হলেও এই সুবিধার অপব্যবহার করা হচ্ছে। দেখা যাচ্ছে, একই ব্যক্তি বিভিন্ন ব্যাংক থেকে নোট পরিবর্তন করছেন। কেন্দ্রীয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘আমরা এটা বের করতে পারছি না যে কোন ব্যক্তি এই সুবিধা একবার নিয়ে আবার নিচ্ছেন কি না।’
তবে এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংক কাজ শুরু করেছে। ব্যাংকের বিভিন্ন শাখায় আধার কার্ড নম্বর এবং পরিচয়পত্র নম্বর ট্র্যাক করার জন্য একটি সফটওয়্যার তৈরির চেষ্টা চলছে।
মোদি সরকারের মুদ্রা রহিতকরণের এ সিদ্ধান্তকে ভালো অর্থনীতি নয় বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু। তিনি বলেন, পণ্য ও সেবার ওপর কর আরোপ ভালো, তবে মুদ্রা রহিতকরণ বিষয়টি ভালো অর্থনৈতিক প্রয়োগ নয়। এটি একটি জটিল প্রক্রিয়া এবং এর সুবিধার চেয়ে ক্ষতির পরিমাণ বেশি।
এর আগে ৮ নভেম্বর কৌশিক বসু বলেন, এই মুদ্রা রহিতকরণের ফলে ভারতে স্বর্ণ ও রুপার দাম বাড়বে।
গত মঙ্গলবার গভীর রাত থেকে নরেন্দ্র মোদি সরকারের নির্দেশে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল হয়ে যায়।