নদী-নর্দমায় 'কালো রুপি'
‘রুপি রাজনীতিতে’ উত্তাল ভারতের রাজ্যসভা। তুমুল বিতর্কে লিপ্ত সরকারি ও বিরোধী দল। রাজপথেও হচ্ছে প্রতিবাদ-বিক্ষোভ। গোটা দেশে পুরোনো রুপি বদলে নতুন রুপি পাওয়ার জন্য চলছে হাহাকার। এমন সময়েই বের হলো নতুন নোটে তিন লাখ রুপির ঘুষ লেনদেন আর সাড়ে তিন কোটি রুপির পুরোনো নোট নদী ও নর্দমায় ভাসিয়ে দেওয়ার খবর।
পুরোনো ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল এবং নতুন নোটের সংকট এভাবেই সরগরম করে দিল ভারতীয় রাজনীতি ও সমাজকে। এর শুরু অবশ্য ৮ নভেম্বর থেকে, যেদিন কালোটাকা প্রতিরোধের লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় সরকার ৫০০ ও ১০০০ রুপির পুরোনো নোট বাতিল ঘোষণা করে।
মোদির রাজ্যেই নতুন নোটে ঘুষের কাণ্ড: বলা হয়েছে, ভারত সরকার কালোটাকা নির্মূলে দুটি নোট বাতিল করেছে, দুর্নীতি রোধে জোর দিয়েছে। এতে মানুষ ভোগান্তিতে পড়েছেন। কারণ তাঁরা ব্যাংক ও এটিএম বুথে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও বাতিল নোটের বদলে নতুন নোট ঠিকমতো পাচ্ছেন না। ঠিক এমন সময়ই ধরা পড়ল ২ লাখ ৯০ হাজার রুপির ঘুষ লেনদেন করার ঘটনা। আর এটি ঘটল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে।
এই ঘুষ নেওয়ার অভিযোগে গত বুধবার গুজরাট দুর্নীতি দমন শাখা কান্ডালা বন্দর সংস্থার উচ্চপদস্থ প্রকৌশলী পি শ্রীভিবাসু ও সাব-ডিভিশনাল অফিসার কে কমতেকারকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। এর মধ্যে শ্রীভিবাসুর কাছ থেকে আড়াই লাখ ও কমতেকারের কাছ থেকে ৪০ হাজার রুপি উদ্ধার করা হয়। একটি বিদ্যুৎ কোম্পানির বিল অনুমোদন করিয়ে দেওয়ার জন্য তাঁরা এই ঘুষ নিয়েছিলেন।
এদিকে ভারতের রাজধানী দিল্লিতে গাড়িতে করে নগদ প্রায় ৭০ লাখ রুপি নিয়ে চলার সময় নাল্লাল নামে একজন শিশুরোগ চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। ওই চিকিৎসক অবশ্য দাবি করেন, তাঁর এক ব্যবসায়ী বন্ধু তাঁকে ওই অর্থ রাখতে দিয়েছেন।
নদী ও নর্দমায় ভাসছে রুপি: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটির অনিলনগর এলাকার ভারালু নদীতে ও নরেঙ্গি রেলওয়ে স্টেশনের একটি ড্রেন বা নর্দমায় গত বুধবার ভাসমান অবস্থায় সাড়ে তিন কোটি রুপি উদ্ধার হয়েছে। এই অর্থের সবটাই বাতিল হওয়া ৫০০ ও ১০০০ রুপি মূল্যমানের এবং অধিকাংশই ছেঁড়া।
কৃষি খাতের জন্য ছাড়: ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয় রুপি উত্তোলন ও বদলানোর সর্বোচ্চ সীমা আবার বেঁধে দিয়েছে। সে অনুযায়ী এখন একজন মানুষ আজ থেকে দৈনিক সর্বোচ্চ ২ হাজার রুপি পর্যন্ত পুরোনো নোট বদলাতে পারবেন। এই সীমা আগে ছিল সাড়ে ৪ হাজার রুপি।
কৃষকেরা তাঁদের নামে মঞ্জুর ঋণের বিপরীতে প্রতি সপ্তাহে ২৫ হাজার রুপি পর্যন্ত তুলতে পারবেন। বিয়ের খরচের জন্য পাত্র বা পাত্রী কিংবা তাঁদের মা-বাবা নগদে সর্বোচ্চ আড়াই লাখ রুপি তোলার সুযোগ পাবেন। এই সুযোগ মাত্র একবার পাওয়া যাবে।
রাজ্যসভা উত্তাল: নতুন রুপির নোট নিয়ে যে সংকট চলছে, তাতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যসভা। তুমুল তর্ক-বিতর্ক ও বাগ্বিতণ্ডায় কয়েকবার মুলতবি ঘোষণা করা হয় গতকালের অধিবেশন। বিরোধীরা ভোটাভুটি ও প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবি তোলেন।
মমতার হুঁশিয়ারি: ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের প্রতিবাদে এবং নতুন নোটের সংকট সমাধানের দাবিতে শুরু থেকেই সোচ্চার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল লোকসভার ভেতরে-বাইরে তাঁর দলের সাংসদেরা বিক্ষোভ করেছেন।
আর মমতা নিজে গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের এক সমাবেশ মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য দেন। তিনি কেন্দ্রীয় সরকারকে নতুন নোটের সংকট লাঘবের আহ্বান জানিয়ে বলেন, ‘তিন দিন সময় দিলাম, তার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার করুন। না হলে আমরা এখনো বেঁচে আছি।’
মমতা বলেন, ‘এ রকম সংকটে দেশের মানুষ আগে কখনো পড়েনি। সবজি পচে নষ্ট হয়ে যাচ্ছে। শিশুদের খাবার পাওয়া যাচ্ছে না। মানুষের হাতে টাকা নেই। মানুষ খাবে কী?’ প্রতিবাদের পরেই বিদ্রূপের সুরে তিনি সরকারকে প্রশ্ন করেন, ‘মানুষ কি এটিএম খাবে? নাকি কার্ড খাবে?’
মমতা আরও কয়েকটি দলের নেতাদের নিয়ে গত বুধবার দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সংকট সমাধানে হস্তক্ষেপ করার জন্য স্মারকলিপি দেন। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা ও বিজনেস লাইন।