নভেম্বরে যুক্তরাষ্ট্রে দুই লাখ নতুন কর্মসংস্থান
গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে নতুন ২ লাখ ১১ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর বিবিসির।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৫ শতাংশে নেমে এসেছে, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। প্রকাশিত প্রতিবেদনটিতে আবাসন, খাদ্য উৎপাদন ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে নতুন চাকরি বা কর্মসংস্থান বেশি বেড়েছে বলে উল্লেখ করা হয়।
কর্মসংস্থানের ভালো পরিস্থিতি সব সময়ই দেশটিতে সুদের হার নির্ধারণে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। তাই চাকরির বাজারের ইতিবাচক খবরটি এবারও মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সিদ্ধান্তে প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। ফেডের গভর্নর জ্যানেট ইয়েলেন গত মাসে বলেছিলেন, অর্থনীতির অবস্থা যেহেতু ভালো তাই সুদহার এখন বাড়ানো যেতে পারে।
ফেড গত ১০ বছরে সুদের হার বাড়ায়নি। এই অবস্থায় ফেডের নীতিনির্ধারণী কমিটি সুদের হার নির্ধারণে ১৫ ও ১৬ ডিসেম্বর বৈঠকে বসবে।
মার্কিন শ্রম মন্ত্রণালয় বলছে, নভেম্বরে ঘণ্টাপ্রতি গড় মজুরি শূন্য দশমিক ২ শতাংশ বেড়েছে। অক্টোবরে দেশটিতে ঘণ্টাপ্রতি গড় মজুরি ছিল ২৫ ডলার ২১ সেন্ট, নভেম্বরে তা বেড়ে ২৫ ডলার ২৫ সেন্ট হয়েছে।