নরেন্দ্র মোদির 'জন-ধন-যোজনা' গিনেস বুকে
সবচেয়ে কম সময়ে সর্বাধিক সংখ্যক ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব খোলার রেকর্ড গড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘জন-ধন-যোজনা প্রকল্প’।
গত বছরের ২৮ আগস্ট যখন এই প্রকল্প চালু করা হয়, তখন এ বছরের (২০১৫) ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের মধ্যেই গোটা দেশে সাধারণ মানুষের সাড়ে সাত কোটি হিসাব খোলার লক্ষ্য স্থির করা হয়। কিন্তু ওই সময়সীমা পূর্ণ হওয়ার সপ্তাহ খানেক আগেই এ প্রকল্পের অধীনে সাড়ে ১১ কোটি হিসাব খোলা হয়ে গেছে। আর এটি একটি বিশ্বরেকর্ড বিধায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এ প্রকল্পটির নাম উঠেছে।
গত বছরের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে নরেন্দ্র মোদি এ প্রকল্পটি চালু করার ঘোষণা দেন। ইতিমধ্যে গিনেস বুক কর্তৃপক্ষ স্বীকৃতিস্বরূপ ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির হাতে স্বীকৃতিপত্রও তুলে দিয়েছে।
প্রসঙ্গত, ‘জন-ধন-যোজনা প্রকল্প’ শীর্ষক এ কর্মসূচির আওতায় ব্যাংকের গ্রাহকেরা পাবেন এক লাখ রুপির দুর্ঘটনা বিমা ও ৩০ হাজার রুপির জীবনবিমা সুবিধা। এ ছাড়াও পাবেন ডেবিট কার্ড ও ড্রাফটের সুবিধা।