নাগরিকদের বিনা মূল্যে খাদ্যসহায়তা দিচ্ছে ইউক্রেনের কয়েক শ রেস্তোরাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের লিভ শহর ছেড়ে পোল্যান্ডে পাড়ি দিতে ট্রেনে ওঠার অপেক্ষায় মানুষ। ৮ মার্চ
ছবি: রয়টার্স

ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর এক মাস প্রায় পূর্ণ হতে চলেছে। শুরুর দিকে নিরাপত্তার আশায় অনেকেই দেশ ছাড়লেও সাধারণ নাগরিকদের বড় অংশই রয়ে গেছেন যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে। যুদ্ধের ভয়াবহতা ছাড়াও তাঁদের মোকাবিলা করতে হচ্ছে খাবারের সংকট। এমন পরিস্থিতিতে সাধারণ ইউক্রেনীয়দের বিনা মূল্যে খাদ্যসহায়তা দিতে এগিয়ে এসেছে দেশটির ৪৫০টির বেশি রেস্তোরাঁ। খবর বিবিসির।

রাশিয়ার হামলার ভয়ে ইউক্রেনের অসংখ্য মানুষ এখন বাংকারে আশ্রয় নিয়েছে। আর বয়োজ্যেষ্ঠ নাগরিকদের অনেকেই গৃহ ত্যাগ করতে পারেননি। এসব মানুষকে বিনা মূল্যে খাদ্যসহায়তা দিচ্ছে রেস্তোরাঁগুলো। তবে এই সেবামূলক কাজ অব্যাহত রাখতে আর্থিকভাবে হিমশিম খেতে হচ্ছে এসব রেস্তোরাঁকে। তাই সরকার ও দাতা সংস্থাগুলোর কাছে সহায়তা চেয়েছে তারা।

যুদ্ধ শুরুর আগে রাজধানী কিয়েভে প্রতি বেলার খাবারের জন্য ১২ ইউরো করে নিত মিল্কবার রেস্তোরাঁ। স্থানীয় বাসিন্দাদের খাদ্যসহায়তা দিতে সেটি এখন বিনা মূল্যে ৫০০ জনের খাবার সরবরাহ করছে। বিবিসি জানায়, গত ফেব্রুয়ারি থেকে কর্মীদের বেতন দিতে পারছে না প্রতিষ্ঠানটি। তা সত্ত্বেও এখনো সেখানে ২০ জন কর্মী স্বেচ্ছাসেবায় কাজ করে যাচ্ছেন।

রেস্তোরাঁটির মালিক আন্না কোজাচেঙ্কো বলেন, ‘আমরা এই মুহূর্তে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির কথা চিন্তা করছি না, এখন কেবল আমাদের মানুষের কথাই ভাবছি। আমাদের কর্মীরা কিয়েভের আশপাশের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শরণার্থী ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সার্বক্ষণিক খাদ্য সরবরাহ করে যাচ্ছেন।’ আন্না কোজাচেঙ্কোর মতো অন্যান্য রেস্তোরাঁমালিকও এখন খাদ্যসহায়তা দিচ্ছেন। অনেক দোকানমালিক ভাড়ায় চালিত রেস্তোরাঁর ভাড়া সাময়িক স্থগিত করেছেন।

অন্যদিকে এ উদ্যোগে সহযোগিতা করতে এসব রেস্তোরাঁকে বিনা মূল্যে খাদ্য সরবরাহ করে যাচ্ছে ইউক্রেনের বৃহৎ খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। প্রয়োজন অনুযায়ী এ সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

ইউক্রেনের অন্যতম বৃহৎ ক্যাটারিং প্রতিষ্ঠান লাফামিগলিয়া গ্রুপের অধীন ১৪টি রেস্তোরাঁ ও ১৭টি খাদ্যের বাজার আছে। প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করার পাশাপাশি খাদ্য ও চিকিৎসা সেবাও দিচ্ছে। গত বছর প্রায় এক কোটি ডলার আয় করেছিল তারা। বর্তমানে প্রতিদিন বিনা মূল্যে ৮ হাজারেরও বেশি স্ন্যাক্স ও স্যান্ডউইচ এবং পাঁচ হাজারের বেশি গরম খাদ্য সরবরাহ করছে তারা।

প্রতিষ্ঠানটির মালিক মিখাইল বেইলিন জানান, তাঁরা অনেক খাদ্য বিনা মূল্যে বিতরণ করছেন। আবার কিছু খাদ্য মুনাফা ছাড়াই বিক্রি করছেন। তিনি বলেন, আর্থিক ক্ষতির চিন্তা করার সময় এটা নয়, সবার জীবনযাত্রার ক্ষতি কীভাবে কমিয়ে আনা যায়, সেই পদক্ষেপ নিতে হবে এখন।

গম উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান এমএইচপির প্রায় ৩০ হাজার কর্মী আছে ইউক্রেনজুড়ে। যুদ্ধের কারণে গম চাষের মূল অঞ্চল থেকে খাদ্য সংগ্রহ কষ্টসাধ্য হয়ে গেছে। তারপরও প্রতিষ্ঠানটি বিভিন্ন রেস্তোরাঁসহ পুরো দেশের বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে খাদ্যসহায়তা দিয়ে যাচ্ছে। এমএইচপির প্রধান জন রিচ বলেন, ‘যুদ্ধ যদি এভাবে চলতে থাকে, তাহলে আমাদের ফসল উৎপাদন দ্রুত কমে যাবে। এতে চলমান সহযোগিতা অব্যাহত রাখা হয়তো সম্ভব হবে না।’

বিবিসি জানিয়েছে, শস্য উৎপাদন বিঘ্নিত হলে চাহিদার সঙ্গে সরবরাহের সামঞ্জস্য থাকবে না। এতে বিশ্বব্যাপী গমের দাম আরও বেড়ে যাবে। এ অবস্থায় খামারগুলোকে সহায়তা করার জন্য সরকার বিশেষ পদক্ষেপ নেবে বলে আশা বিশ্লেষকদের। কিয়েভ ইকোনমিকস স্কুলের প্রেসিডেন্ট টিমুফি মিলুভানভ বলেন, অনেক রেস্তোরাঁর টাকা ফুরিয়ে এসেছে। তাই সরকারকে জনগণের চাহিদার সঙ্গে সমন্বয় করে রেস্তোরাঁগুলোকে আর্থিক সহায়তা দেওয়া উচিত হবে। পাশাপাশি সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে দাতা সংস্থাগুলোর কাছেও অর্থসহায়তা চাচ্ছে রেস্তোরাঁগুলো।