
মানুষ সাধারণত সন্তানদের জন্যই ধনসম্পদ রেখে যায়। কিন্তু বিশ্বের শীর্ষ ধনী ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল উইলিয়াম গেটস আর দশজনের মতো তাঁদের তিন সন্তানের জন্য নিজের ধনসম্পদ রাখতে রাজি নন।
বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস ২০১২ সালে বিশ্বজুড়ে বিভিন্ন জনহিতৈষী বা মানবকল্যাণমূলক কার্যক্রমে ১৯০ কোটি মার্কিন ডলার দান করেছেন, যা তাঁদের মোট ধনসম্পদের ২ দশমিক ৬ শতাংশ। আর এই অর্থ বাংলাদেশের ১৫ হাজার ২০০ কোটি টাকার সমান (প্রতি ডলার ৮০ টাকা হিসাবে)।
বিশ্বের শীর্ষ ধনী এই স্বামী-স্ত্রী নিজেদের নামে গঠিত বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এ পর্যন্ত ২ হাজার ৮০০ কোটি ডলারেরও বেশি পরিমাণ অর্থ (প্রায় ২ লাখ ২৪ হাজার কোটি টাকা) দাতব্য কার্যক্রমে দান করেছেন। তাঁদের এই ফাউন্ডেশনে বিশ্বের আরেক শীর্ষস্থানীয় ধনী ওয়ারেন বাফেটও নিয়মিত দান করে আসছেন। সর্বশেষ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও দান করেছেন বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে।
বাস্তবিক পক্ষে ৬০ বছর বয়সী বিল গেটস ও ৫২ বছরের মেলিন্ডা চান, তাঁদের সন্তানেরা উত্তরাধিকার সূত্রে অঢেল অর্থবিত্তের মালিক হওয়ার চেয়ে বরং ভালোভাবে কলেজের লেখাপড়া শেষ করে চাকরিতে যোগ দিক। বিল ও মেলিন্ডা দম্পতির বর্তমান ৭৮ বিলিয়ন (১ বিলিয়নে ১০০ কোটি) বা ৭ হাজার ৮০০ কোটি ডলারের ধনসম্পদ সন্তানদের জন্য রেখে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
সম্প্রতি বিল গেটস যুক্তরাজ্যভিত্তিক আইটিভির ‘দিস মর্নিং’ অনুষ্ঠানে জানিয়েছেন, তিনি তাঁর ধনসম্পদ নিজের তিন সন্তান জেনিফার (২০), রোরি (১৭) ও ফোবির (১৪) জন্য রাখার চেয়ে বরং দান করে যেতে চান। তিনি বলেন, সন্তানদের ফেভার করে বিপুল ধনসম্পদ রাখলে তা যেমন তাদের নিজস্ব সৃজনশীলতা নষ্ট করবে, তেমনি তারা যা হতে পারে, তা হওয়া থেকে তাদের বঞ্চিত রাখবে।
বিল গেটস জানান, তাঁর সন্তানেরাও সহাস্যে মা-বাবার অভিপ্রায় মেনে নিয়েছে। তারা বৈশ্বিক দারিদ্র্য বিমোচনে মা-বাবার বিশাল ধনসম্পদ দান করে যাওয়ার সিদ্ধান্তের জন্য ‘গর্ব বোধ করে’। তিনি বলেন, ‘আমাদের সন্তানেরা উচ্চশিক্ষা এবং সেই সঙ্গে কিছু অর্থও পাবে। ফলে তারা কখনোই গরিব হয়ে পড়বে না। তারা নিজেরাই নিজেদের ক্যারিয়ার বা কর্মজীবন গড়ে তুলবে।
বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন হচ্ছে সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত বিশ্বের বৃহত্তম বেসরকারি ফাউন্ডেশন। জিএফগেট অনলাইন অবলম্বনে