নেপালে যানবাহনে নম্বরপ্লেট বসাবে টাইগার আইটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহনমন্ত্রী বীর বাহাদুর বালায়ার সম্প্রতি কাঠমান্ডুতে ২৫ লাখ যানবাহনে ডিজিটাল নম্বরপ্লেট বসানোর পাঁচ বছর মেয়াদি প্রকল্পের উদ্বোধন করেন l প্রথম আলো
নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহনমন্ত্রী বীর বাহাদুর বালায়ার সম্প্রতি কাঠমান্ডুতে ২৫ লাখ যানবাহনে ডিজিটাল নম্বরপ্লেট বসানোর পাঁচ বছর মেয়াদি প্রকল্পের উদ্বোধন করেন l প্রথম আলো

নেপালের ২৫ লাখ যানবাহনে ডিজিটাল নম্বরপ্লেট বসাবে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টাইগার আইটি বাংলাদেশ। উচ্চ নিরাপত্তাসংবলিত এই নম্বরপ্লেট বসানোর প্রকল্পে ব্যয় হবে সাড়ে ৩০০ কোটি টাকা। নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের যানবাহন ব্যবস্থাপনা অধিদপ্তরের (ডিওটিএম) সঙ্গে এ কাজটি করছে টাইগার আইটি। তথ্যপ্রযুক্তি খাতে নেপাল সরকারের সবচেয়ে বড় প্রকল্প এটি। টাইগার আইটির সঙ্গে এ প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ডেকাটোর।

২১ আগস্ট পাঁচ বছর মেয়াদি প্রকল্পের উদ্বোধন হলো নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ডিওটিএম ভবনে আয়োজিত এ প্রকল্পের উদ্বোধন করেন ভৌত অবকাঠামো ও পরিবহনমন্ত্রী বীর বাহাদুর বালায়ার। বাংলাদেশ থেকে প্রকল্পটি দেখতে এর আগের দিন সাংবাদিকদের একটি দল সেখানে যায়। এর আয়োজন করে টাইগার আইটি।

নেপালে এখন চলছে রাজনৈতিক অচলাবস্থা। ২১ আগস্ট দেশটির পার্লামেন্টে বহুকাঙ্ক্ষিত সংবিধানটি গৃহীত হওয়ার কথা ছিল। তবে এর জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ভোট পড়েনি। তাই এক দশক ধরে একটি সর্বসম্মত সংবিধান তৈরির প্রচেষ্টা ব্যর্থ হলো। ইতিমধ্যে এই সংবিধান তৈরি নিয়ে সংঘাতে প্রায় ১০০ মানুষ নিহত হয়েছে। আর এ পরিস্থিতির জন্য দেশটির তথ্যপ্রযুক্তি খাতের এত বড় একটি অনুষ্ঠান অনেকটা অনাড়ম্বরভাবেই শেষ হলো। করা হলো কিছু কাটছাঁট। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার। তিনি আসতে পারলেন না। এলেন মন্ত্রী। অনুষ্ঠান শুরু হলো সকাল আটটায়। সংবিধান গৃহীত হওয়া নিয়ে পার্লামেন্টে ভোটাভুটির জন্যই এই সময় নির্ধারণ। শেষ হলো ঘণ্টা দেড়েকের মধ্যে।

বক্তব্যে পরিবহনমন্ত্রী বীর বাহাদুর বালায়ার, রাজতন্ত্র থেকে গণতন্ত্রের পথে নেপালের চলার নানা প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরেন। দেশটির অগ্রযাত্রায় এই প্রকল্পকে এক মাইলফলক হিসেবে অভিহিত করেন মন্ত্রী। তিনি বলেন, যে দুটি প্রতিষ্ঠানকে (টাইগার আইটি-ডেকাটোর) এই কাজে যুক্ত করা হয়েছে, তাদের সুখ্যাতি আছে। নেপাল তাদের কাছ থেকে শিখতে চায়।

ডিওটিএম সূত্র জানায়, বাংলাদেশের টাইগার আইটি, ভারত, জার্মানিসহ মোট ছয় দেশের সাতটি প্রতিষ্ঠান এ কাজ পেতে দরপত্রে অংশ নেয়। এদের মধ্যে থেকে টাইগার আইটি-ডেকাটোরকে বেছে নেয় নেপাল সরকার। নেপালের পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, নেপালে বড় দেশগুলোকে পাশ কাটিয়ে কোনো প্রকল্প অন্য দেশকে দেওয়ার রেওয়াজ নেই। সে ক্ষেত্রে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের এ কাজ পাওয়াটা বিরল ঘটনা।

নেপালের পরিবহন মন্ত্রণালয়ের সচিব দেবেন্ত্র কারকি বলেন, ‘প্রকল্পের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের যোগ্যতাই ছিল মূল বিচার্য। এটি কোন দেশের প্রতিষ্ঠান, তা আমাদের বিবেচ্য ছিল না। তবে আমাদের বন্ধু দেশ বাংলাদেশের একটি প্রতিষ্ঠান এ কাজ পেয়েছে বলে আমরা খুশি।’

নেপালের ডিওটিএম ভবনের কয়েকটি কক্ষে চলছে নম্বরপ্লেট তৈরির কাজ। ভারী নানা যন্ত্রাংশ সেখানে জড়ো করা হয়েছে। সেখানে অনলাইনে আসা নিবন্ধনের আবেদন সংরক্ষণ করছেন কেউ। সেই নম্বর সন্নিবেশিত হচ্ছে জাতীয় তথ্যভান্ডারে (ডেটাবেইস)। এখানেই তৈরি হচ্ছে নম্বরপ্লেট। উচ্চ নিরাপত্তার এই নম্বরপ্লেট আসলে কী? এ নিয়ে কথা বললেন টাইগার আইটির মুখ্য সঞ্চালন কর্মকর্তা (সিওও) গৌতম ভট্টাচার্য। তিনি বলেন, এ প্রকল্পটি হলো গাড়ি বা যানবাহনের পরিচয়পত্র তৈরি করা। মানুষের যেমন পরিচয়পত্র থাকে, তেমনি গাড়িরও পরিচয়পত্র থাকবে।

গৌতম ভট্টাচার্য বলেন, এ প্রকল্পে নিবন্ধিত সমস্ত যানবাহনের একটি কেন্দ্রীয় ডিজিটাল তথ্যভান্ডার থাকবে। যানবাহনগুলোর সামনে ও পেছনে দুটি ডিজিটাল নম্বরপ্লেট বসানো হবে। আর থাকবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) স্টিকার। তিনি বলেন, সরকার ও গাড়ির মালিক বা চালক—সবার উপকারের জন্যই এই নম্বরপ্লেট। গাড়ির জন্য মালিকের ট্যাক্স দেওয়া এবং সরকারের ট্যাক্স পাওয়ার ক্ষেত্রে সব জটিলতা দূর হবে। এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।

রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে পুলিশ কাগজপত্র পরীক্ষা করছে, এ এক চিরচেনা দৃশ্য। এখন এই নম্বরপ্লেট দূর থেকে দেখেই গাড়ির মালিক বা চালক ও গাড়িটির হালহকিকত-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গাড়ি চুরি হলে বা অপরাধমূলক কাজে গাড়ি ব্যবহার করলে কেন্দ্রীয় তথ্যভান্ডার থেকে তা চিহ্নিত করা যাবে। গাড়ি চুরি করে নম্বরপ্লেট খুলে ফেললেও রক্ষা নেই। গৌতম ভট্টাচার্য বলেন, আরএফআইডি স্টিকার পুরোটা একেবারে তুলে ফেলা সম্ভব না।

নেপালে প্রকল্পের এ কাজে ২০ জন কর্মী নেওয়া হয়েছে। সবাই নেপালের নাগরিক।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ প্রথম আলোকে বলেন, ‘অর্থের নিরিখে দেশের বাইরে কোনো বেসরকারি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের এটিই সবচেয়ে বড় কাজ। আমাদের লক্ষ্য—স্থানীয় অভিজ্ঞতার নিরিখে বিশ্বের নানা দেশে ব্যবসার সম্প্রসারণ। টাইগার আইটির এই কাজ পাওয়া একটি বড় অর্জন।’

টাইগার আইটির সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) রাজিব চৌধুরী বলেন, দেশে ও বিদেশে ভোটার নিবন্ধনব্যবস্থা, যানবাহনের ডিজিটাল নম্বরপ্লেট ও নিবন্ধন কার্ড ও ড্রাইভিং লাইসেন্স তৈরির সফলতাই টাইগার আইটিকে নেপালে কাজ পেতে সহযোগিতা করেছে। তিনি বলেন, মলদোভা, তাজিকিস্তান, কেনিয়া, ভারত, ভুটানসহ কয়েকটি দেশে সফলভাবে প্রকল্প বাস্তবায়ন করেছে এই প্রতিষ্ঠান।