নোট বদলে কয়েন নেওয়ার নির্দেশ ভেনেজুয়েলা সরকারের

এবার নোট বাতিলের সিদ্ধান্ত নিল ভেনেজুয়েলা। আজ সোমবার ১০০ বলিভার (দেশটির মুদ্রা) ব্যাংক নোট বাতিলের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। সীমান্তে চোরাকারবারি ও খাদ্যসংকটকে সামাল দিতে এ উদ্যোগ নিয়েছে সরকার।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় গতকাল রোববার (১১ ডিসেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট মাদুরো এ ঘোষণা দেন। নির্দেশনা অনুযায়ী, ১০০ বলিভার নোট বদলে নেওয়ার জন্য ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে জনগণকে। ব্যাংকে গিয়ে এই মানের নোট জমা দিলে, সমপরিমাণ ধাতব মুদ্রা (কয়েন) পাবে তারা। এ ছাড়া সব বন্দরে মুদ্রা পাচার ঠেকাতে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কয়েক বছর ধরেই দাম হারাচ্ছিল ১০০ বলিভার নোট। বর্তমানে এই নোট মাত্র দুই মার্কিন সেন্টে বিনিময় হচ্ছে। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে থাকা ভেনেজুয়েলার অন্যতম প্রধান সমস্যা ব্যাপক মূল্যস্ফীতি। ২০১৫ সালে মূল্যস্ফীতির সবশেষ পরিসংখ্যান প্রকাশ করে দেশটির সরকার। এতে দেখা যায়, মূল্যস্ফীতির হার ১৮০ শতাংশ। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মনে করছে, ২০১৭ সালে দেশটির মূল্যস্ফীতি ২০০০ শতাংশ হবে। মূলত গত দুই বছর ধরে বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় অর্থনৈতিকভাবে সংকটে পড়েছে ভেনেজুয়েলা। দেশটির রপ্তানি আয়ের ৯৫ ভাগই আসে জ্বালানি তেল থেকে। তাই তেলের দাম কমে যাওয়ায় রপ্তানি আয় কমেছে দেশটির। বিভিন্ন সামাজিক সুবিধা বাদ দিতে বাধ্য হয়েছে সরকার। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ৭৫ ভাগ জনগণ মাদুরো সরকারের ওপর অসন্তুষ্ট।
এর আগে গত ৮ নভেম্বর এক জরুরি ঘোষণায় ৫০০ ও ১০০০ রুপির সব নোট বাতিলের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্নীতি প্রতিরোধে ও কালোটাকা উদ্ধারে এ সিদ্ধান্ত নেয় ভারত সরকার। তবে সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতজুড়ে চলছে তীব্র প্রতিবাদ। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।