পশ্চিমবঙ্গে আলুর কেজি দুই টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমে পশ্চিমবঙ্গে আলুর বাম্পার ফলন হয়েছে। কিন্তু আলুচাষিরা পাচ্ছেন না ন্যায্যমূল্য। দিন দিন দাম কমে যাচ্ছে আলুর। গত মঙ্গলবার জমিতে পাইকারিভাবে আলুর কেজি বিক্রি হয়েছে তিন টাকা। বুধবার সেই মূল্য আরও কমে দাঁড়িয়েছে দুই টাকায়। অবশ্য কলকাতা ও এর আশপাশে আলু বিক্রি হচ্ছে ছয়-আট টাকা কেজি দরে।
এদিকে চাষিরা আলুর ন্যায্যমূল্য না পেয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন। হিমাগারের সামনে অবস্থান ধর্মঘটেও শামিল হন তাঁরা।
আলুর ন্যায্যমূল্য পাওয়ার দাবিতে হুগলির গোঘাট, পাণ্ডুয়া ও কামারকুণ্ডে আলুচাষিরা বিক্ষোভ প্রদর্শন করেছেন বুধবার। এ ছাড়া বৈঁচির জিটি রোড অবরোধ করেন আলুচাষিরা। বিক্ষোভ হয়েছে উত্তরবঙ্গের আলীপুরদুয়ারেও।
আলুচাষিদের দাবি, অবিলম্বে ভারতের বিভিন্ন রাজ্যে আলু রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করতে হবে। এবং আলুচাষিদের রক্ষার জন্য সরকারকে আলু কিনতে হবে।
এদিকে বর্ধমানের ভাতার এবং হুগলির খানাকুলে ঋণের দায়ে জর্জরিত হয়ে সোমবার রাতে আত্মহত্যা করেছেন দুই আলুচাষি। বুধবার অবশ্য পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু আলুচাষিদের দাবির মুখে এই রাজ্য থেকে অন্য রাজ্যে আলু রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দেন। পাশাপাশি সরকারিভাবে কিছু আলু কেনার আশ্বাসও দেন তিনি।