পশ্চিমবঙ্গে শিল্পের ভবিষ্যৎ নেই!
ভারতের পশ্চিমবঙ্গ থেকে টাটা গোষ্ঠীর ন্যানো গাড়ির কারখানা সরিয়ে দেওয়ার পর কলকাতায় এসে বুধবার টাটা গোষ্ঠীর সাবেক চেয়ারম্যান রতন টাটা জানালেন, পশ্চিমবঙ্গে শিল্পের ভবিষ্যৎ নেই। কলকাতায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের লেডিস স্টাডি গ্রুপের এক অনুষ্ঠানে বুধবার প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ২০০৬ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে টাটা গোষ্ঠী সস্তার ন্যানো গাড়ি কারখানা নির্মাণের উদ্যোগ নিলে জমি অধিগ্রহণের আপত্তি তুলে জমি দিতে অনিচ্ছুক কৃষকদের নিয়ে আন্দোলনে নামেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জের ধরে টাটা গোষ্ঠী ২০০৮ সালে ন্যানো গাড়ির কারখানা গুজরাটের সানন্দে নিয়ে যায়। এদিকে ক্ষমতায় আসার তিন বছর অতিক্রান্ত হলেও এই দীর্ঘদিনেও মমতা ফিরিয়ে দিতে পারেননি অনিচ্ছুক কৃষকদের জমি। সেই জমি নিয়ে এখন মামলা চলছে সুপ্রিম কোর্টে। দুই বছর পর রতন টাটা গতকাল বৃহস্পতিবার কলকাতায় এসে এই মন্তব্য করায় অস্বস্তি বেড়েছে তৃণমূলে। কারণ, টাটাকে এই রাজ্য থেকে মমতা তাড়িয়ে দিলেও ক্ষমতা গ্রহণের পর মমতা এই রাজ্যে এখন পর্যন্ত তেমন কোনো বৃহৎ শিল্পগোষ্ঠীকে বিনিয়োগের জন্য এই রাজ্যে আনতে পারেননি।