পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ঋণখেলাপি হলো রাশিয়া
রাশিয়া বিদেশি ঋণে শেষবার খেলাপি হয়েছিল ১৯১৮ সালে। ভ্লাদিমির লেনিন জার সরকারের ঋণ পরিশোধে অস্বীকৃতি জানিয়েছিলেন।
ধারণা করা হচ্ছে ১৯৯৮ সালের পর এই প্রথম ঋণখেলাপি হয়েছে রাশিয়া। গত রোববার তারা ঋণের কিস্তি পরিশোধ করতে পারেনি। খবর বিবিসির।
তবে এটা মনে করার কারণ নেই, শ্রীলঙ্কার মতো আর্থিক দুর্দশার কারণে রাশিয়া এ কিস্তি পরিশোধ করতে পারেনি। তাদের এখন ১০ কোটি ডলারের ঋণের কিস্তি পরিশোধের সক্ষমতা আছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে তারা এ ঋণের কিস্তি শোধ করতে পারছে না।
বিবিসির সংবাদে বলা হয়েছে, এ ঋণখেলাপি হওয়ার বিষয়টিকে জাতির জন্য লজ্জাজনক মনে করছে রাশিয়া। সে জন্য তারা কিস্তি পরিশোধে একরকম মরিয়া। রুশ অর্থমন্ত্রী এ পরিস্থিতিকে প্রহসন হিসেবে আখ্যা দিয়েছেন।
তবে এ পরিস্থিতি নিয়ে রাশিয়া তেমন একটা চিন্তিতও নয়। বিষয়টি এমন নয় যে ঋণের কিস্তি পরিশোধে তাদের আন্তর্জাতিক বাজার থেকে অর্থ তুলতে হবে। বরং ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর তেলের দাম যে হারে বেড়েছে, তাতে রাশিয়ার পোয়াবারো হয়েছে। মস্কোভিত্তিক পরামর্শক সংস্থা ম্যাক্রো অ্যাডভাইসরি বিবিসিকে এ কথা বলেছে।
তবে বিশ্লেষকদের শঙ্কা, এ ধরনের পরিস্থিতির বৈধতার সংকট থেকে যায়। অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক হলেও দেখা যাবে, এসব কারণে অর্থনৈতিক পুনরুদ্ধার দীর্ঘায়িত হচ্ছে।
রাশিয়া বলেছে, তারা সুদ হিসেবে এ ১০ কোটি ডলার ইউরোক্লিয়ার নামের এক ব্যাংকের কাছে পাঠিয়েছিল। বিনিয়োগকারীদের কাছে এ অর্থ তাদের পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু নিষেধাজ্ঞার কারণে এ অর্থ আটকে গেছে। বিনিয়োগকারীদের হাতে তা পৌঁছেনি।
একই সঙ্গে রাশিয়ার বন্ডের তাইওয়ানের ক্রেতারাও সুদ পায়নি, যদিও এসব বন্ড ইউরোতে কেনা। এ সুদের অর্থ গত ২৭ মে পরিশোধ
করার কথা ছিল, কিন্তু তার এক মাস পরও গত রোববার পর্যন্ত এ অর্থ বিনিয়োগকারীদের কাছে পৌঁছায়নি। ফলে ধরে নেওয়া হচ্ছে, রাশিয়া এ ঋণ খেলাপ করেছে।
অন্যদিকে ইউরোক্লিয়ার আবার সরাসরি বলছে না, এ অর্থ আটকে দেওয়া হয়েছে। বরং তারা বলছে, ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে যত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা সব মেনে চলছে।
রাশিয়াও বলছে, তারা ঋণ খেলাপ করেনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মে মাসে যে কিস্তি পরিশোধের কথা ছিল, তাঁরা সেটা পাঠিয়েছেন। এটা ইউরোক্লিয়ারের সমস্যা, রাশিয়ার নয়; কারণ, নিষেধাজ্ঞা রাশিয়ার সমস্যা নয়।
রাশিয়া বিদেশি ঋণ শেষবার খেলাপ করেছিল ১৯১৮ সালে। বলশেভিক বিপ্লবের সময় কমিউনিস্ট নেতা ভ্লাদিমির লেনিন জার শাসিত রুশ সাম্রাজ্যের ঋণ পরিশোধ করতে অস্বীকার করেছিলেন। আর যেকোনো ধরনের ঋণের ক্ষেত্রে রুশ সরকার শেষবার কিস্তি দিতে ব্যর্থ হয়েছিল ১৯৯৮ সালে।