পাঁচ প্রতিবেশীকে সাড়ে ১১ শ কোটি ডলার দেবে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংককের সম্মেলনে (বাঁ থেকে ডানে)‍ কম্বোডিয়া, থাইল্যান্ড, চীনের প্রধানমন্ত্রী ও থাইল্যান্ডের প্রেসিডেন্ট
ব্যাংককের সম্মেলনে (বাঁ থেকে ডানে)‍ কম্বোডিয়া, থাইল্যান্ড, চীনের প্রধানমন্ত্রী ও থাইল্যান্ডের প্রেসিডেন্ট

চীন মেকং নদীর অববাহিকায় অবস্থিত পাঁচ প্রতিবেশী দেশকে ১১ দশমিক ৫ বিলিয়ন বা ১ হাজার ১৫০ কোটি মার্কিন ডলারের বেশি পরিমাণ অর্থ ঋণ ও সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এই অর্থ বাংলাদেশের ৯১ হাজার কোটি টাকার সমান।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক আঞ্চলিক সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং এই প্রতিশ্রুতি দেন। বিশ্বের বৃহত্তম অর্থনীতি চীন ঋণ ও সহায়তা বাবদ অর্থ দেবে তার সিংহভাগই বিনিয়োগ হবে অবকাঠামো উন্নয়ন ও শিল্প খাতের সক্ষমতা বাড়ানোর জন্য। যেসব দেশকে এই সহায়তা দেবে সেগুলো হচ্ছে কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে আরেক বার্তা সংস্থা এএফপি খবরটি পরিবেশন করেছে।
চীন প্রতিবেশী দেশগুলোকে অবকাঠামো নির্মাণে ১০০ কোটি ডলারের তহবিল ও দারিদ্র্য বিমোচনে ৪৯ কোটি ডলারের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি এবং এক হাজার কোটি ডলারের ‘বিশেষ ঋণ’ হিসেবে দেবে। এ ক্ষেত্রে বিদ্যুৎ, টেলিযোগাযোগ, স্টিল বা ইস্পাত ও সিমেন্ট খাত অধিকতর গুরুত্ব পাবে।
এ ছাড়া চীন মেকং নদীপথের খননে ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ১ কোটি ৬৪ লাখ ডলার বিনিয়োগেরও প্রতিশ্রুতি দিয়েছে।
চীন ইতিপূর্বে অবশ্য পরিবেশবিদদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মেকং নদীর উজানে বাঁধ দেওয়ায় দেশটির সমালোচনা করেন পরিবেশবিদেরা। কারণ, এই বাঁধ নির্মাণের পরিণতিতে ওই নদীতে প্রায়ই বন্যা দেখা দেয়। ব্যাংককে সদ্য অনুষ্ঠিত সম্মেলনে মেকং নদীতে বাঁধ নির্মাণ ও জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনে জোর দেওয়া হয়েছে। তবে পরিবেশ ও জনসমাজে এ ধরনের প্রকল্পের বিরূপ প্রভাব পড়তে পারে এমন উদ্বেগ রয়েছে।
দীর্ঘদিন ধরে প্রভাব-প্রতিপত্তি ও অভিসন্ধির কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোতে চীনের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। বিশেষ করে সমুদ্রসীমা নিয়ে আপত্তিসহ নানা কারণে চীনকে নিয়ে তাদের মধ্যে একরকম বিরক্তি ও ভীতি-শঙ্কা রয়েছে। এই অবস্থায় দেশটি কয়েক মাস যাবৎ কূটনৈতিক প্রয়াসের পাশাপাশি বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ এবং ঋণ ও সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে আসছে।