যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ড স্টার্লিংয়ের দরপতনের কারণ তদন্ত করবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক—ব্যাংক অব ইংল্যান্ড। এশিয়ার বাজারে গত শুক্রবার হঠাৎ করেই পাউন্ডের ‘ফ্ল্যাশ ক্র্যাশ’ বা বড় ধরনের দরপতন হয়। লেনদেনের একপর্যায়ে খুব অল্প সময়ের মধ্যেই মার্কিন ডলারের বিপরীতে পাউন্ডের দাম ৬ শতাংশ পর্যন্ত কমে যায়। এতে প্রতি পাউন্ডের দর কমে ১ দশমিক ১৮ ডলারে নেমে আসে, যা গত ৩১ বছরের মধ্যে সর্বনিম্ন।
ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসা নিয়ে অনুষ্ঠিত ব্রেক্সিট ভোটের পর এটিই ব্রিটিশ মুদ্রার সর্বোচ্চ দরপতন। পরে এ পরিস্থিতি থেকে অবশ্য কিছুটা উন্নতি হয় পাউন্ডের। দিন শেষে এশিয়ার বাজারে পাউন্ডের দর কমার হার দাঁড়ায় ১ দশমিক ৩ শতাংশ। পরে লন্ডনের বাজারে ডলারের বিপরীতে পাউন্ডের দর কমে ১ দশমিক ৭ শতাংশ। সেখানে প্রতি পাউন্ড কেনাবেচা হয় ১ দশমিক ২৪ ডলারে। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ান-এর।
বিশ্লেষকেরা মনে করছেন, কোনো একটি সংবাদ প্রতিবেদন প্রকাশের পর স্বয়ংক্রিয় ট্রেডিং সিস্টেমের প্রতিক্রিয়ায় পাউন্ডের ‘ফ্ল্যাশ ক্র্যাশ’ হয়েছে।
এ ছাড়া ব্যাংক অব ইংল্যান্ড বলছে, শুক্রবার হঠাৎ করে পাউন্ডের যে দরপতন ঘটেছে, তা প্রযুক্তিগত কারণেও হতে পারে। গভর্নর মার্ক কার্নি বলেছেন, ‘হঠাৎ দরপতনের কারণ খোঁজার চেষ্টা করছি আমরা।’
আচমকা ‘ফ্ল্যাশ ক্র্যাশ’ হওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ডও। তিনি বিবিসিকে বলেছেন, ‘বর্তমানে পাউন্ডের যে দরপতন হচ্ছে, তা প্রত্যাশিতই ছিল। যেকোনো বিষয়ে বাজারে প্রতিক্রিয়া দেখা যায়। আমরা একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছি। পরবর্তী সময়ে বাজার আরও অস্থিতিশীল হতে পারে।’
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান-সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশিত হওয়ায় মুদ্রাবাজারে কিছুটা অস্থিতিশীলতা তৈরি হয়েছিল বলে মনে করেন বিশ্লেষকেরা। বিশ্ববাজারে ডলারের বিপরীতে ৩১ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে পাউন্ড। সপ্তাহ শেষে ডলারের বিপরীতে পাউন্ডের দর প্রায় ৪ শতাংশ কমেছে।