পাচার হওয়া অর্থের ২৪ হাজার উপাত্ত পেয়েছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ থেকে পাচার হয়ে যাওয়া টাকার তথ্য অনুসন্ধানে জোর প্রচেষ্টায় নেমেছে ভারত সরকার। ইতিমধ্যে এর কিছু সুফলও মিলেছে। ২০১৩-১৪ অর্থবছরে দেশটি থেকে পাচার হওয়া অর্থ বিষয়ে ২৪ হাজার গোপন তথ্য বিশ্বের কয়েকটি দেশ থেকে সংগ্রহ করতে সক্ষম হয়েছে ভারত।
ক্ষমতায় আসার পর মোদি সরকার কালো টাকার বিষয়ে যে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে, এসব তথ্য এখন এই কমিটির কাছে রয়েছে। আর কর কর্মকর্তারা এসব তথ্য পরীক্ষা করে দেখছেন। এগুলো মূলত বিভিন্ন ভারতীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিদেশি ব্যাংক হিসাব ও হিসাব বিবৃতি। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।
জানা গেছে, নিউজিল্যান্ড থেকে সর্বোচ্চ ১০ হাজার ৩৭২টি উপাত্ত পাওয়া গেছে। এরপর যথাক্রমে স্পেন (৪১৬৯), যুক্তরাজ্য (২৪০৪), ডেনমার্ক (২১৪৫), ফিনল্যান্ড (৬৮৫), পর্তুগাল (৬২৫), জাপান (৪৪০) ও স্লোভেনিয়া (৪৪)। এ ছাড়া অস্ট্রেলিয়া, মেক্সিকো, ইতালি এবং ত্রিনিদা ও টোবাগো থেকেও কিছু তথ্য পাওয়া গেছে।
ভারত সরকার বিশ্বের বিভিন্ন দেশকে সে দেশে গচ্ছিত ভারতীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ-সম্পদ ও ব্যাংক হিসাবের তথ্য প্রদানের জন্য অনুরোধ জানিয়েছে। জানা গেছে, সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাকসেস (সিডিবিটি) বিভিন্ন দেশের সঙ্গে দ্বৈত কর পরিহার সমঝোতা চুক্তি ও কর তথ্য বিনিময় চুক্তি ব্যবহার করে এসব তথ্য সংগ্রহ করেছে।
এই কাজে সহযোগিতা পাওয়া গেছে স্বয়ংক্রিয় কর তথ্য বিনিময় রুটের যা কি না ওইসিডি (অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) কর্তৃক স্বীকৃত একটি ব্যবস্থা। বর্তমানে ভারতসহ ৩৪টি দেশ ওইসিডি নির্ধারিত আন্তর্জাতিক কর ও অর্থনৈতিক নীতিমালা অনুসরণ করছে।
অ্যাসোসিয়েটেড চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়ার এক হিসেবে দেখা গেছে, ভারত থেকে গত চার দশকে অন্তত দুই ট্রিলিয়ন বা দুই লাখ কোটি ডলার বিদেশে পাচার হয়ে গেছে। এই অর্থ ভারতের বার্ষিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চেয়েও বেশি। অন্যদিকে ওয়াশিংটনভিত্তিক গ্লোবাল ফাইনান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) হিসাব অনুসারে, ২০০২ থেকে ২০১১ পর্যন্ত ভারত থেকে অন্তত ৩৪ হাজার ৪০০ কোটি ডলার অবৈধভাবে বাইরে চলে গেছে। আবার ২০১৩ সাল শেষে সুইস ব্যাংকগুলোয় ভারতীয়দের গচ্ছিত অর্থের পরিমাণ ২১৭ কোটি ৩২ লাখ ডলার।
উল্লেখ্য, বাংলাদেশ থেকেও বাইরে টাকা পাচার হয়ে যাওয়া ও সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ গচ্ছিত রাখার তথ্য-উপাত্ত সম্প্রতিককালে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। গত বছর শেষে বাংলাদেশিদের অন্তত ৩৭ কোটি ১৯ লাখ সুইস ফ্রাঁ (যা প্রায় ৪১ কোটি ৪০ লাখ ডলার বা তিন হাজার ১৬২ কোটি ৩৭ লাখ টাকা) সুইস ব্যাংকগুলোয় গচ্ছিত রয়েছে বলে হিসাব মিলেছে।
অন্যদিকে জিএফআইয়ের হিসাব অনুসারে, ২০০২ থেকে ২০১১ পর্যন্ত বাংলাদেশ থেকে অন্তত এক হাজার ৬০৭ কোটি ৭০ লাখ ডলার বা এক লাখ ২৮ হাজার ৬১৬ কোটি টাকা অবৈধভাবে বাইরে চলে গেছে। এই অর্থ বাংলাদেশের বার্ষিক জিডিপির প্রায় ৯ শতাংশ। এর ফলে বিশ্বের যে ১৫০টি উন্নয়নশীল দেশ থেকে অবৈধভাবে অর্থ স্থানান্তর হয়েছে, সে দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪৭তম। আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশ সরকার অবশ্য পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। যেমন বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ) থেকে সুইস ন্যাশনাল ব্যাংকের এফআইইউর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। তাতে সুইস ব্যাংকগুলোয় বাংলাদেশিদের গচ্ছিত অর্থ ও মালিক সম্পর্কে তথ্য প্রদানের অনুরোধ করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের বিক্ষিপ্ত পদক্ষেপের কোনো সুফল পাওয়া যাবে না। পাচার হওয়া অর্থ সম্পর্কে তথ্য পেতে হলে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।