পাট রপ্তানির ওপর থেকে ‘অবাঞ্ছিত’ প্রশাসনিক নির্দেশ তুলে নিতে ভারতকে অনুরোধ জানালেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল বুধবার ঢাকা যাওয়ার আগে ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে তিনি বলেন, সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও প্রশাসনিক স্তরের এই নির্দেশে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য রপ্তানি ব্যাহত হচ্ছে। বাণিজ্যিক সম্পর্ক রক্ষা ও বাণিজ্য ঘাটতি দূর করতে এই নির্দেশ তুলে নেওয়া দরকার বলে তিনি জানিয়েছেন।
বাংলাদেশ থেকে ভারত পাট ও পাটজাত পণ্য আমদানি করে। কিন্তু সেই আমদানিতে কিছু শর্ত চলতি বছরের জানুয়ারি মাসে ভারতের পক্ষ থেকে আরোপ করা হয়। তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ভারতের পক্ষ থেকে আমদানিকারকদের নাম নথিভুক্ত করাটা বাধ্যতামূলক করা হয়। শুধু তা-ই নয়, আমদানি করা পণ্য কাদের কাছে বিক্রি করা হবে সেই তথ্যও নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, নথিভুক্ত করানোর প্রক্রিয়া সহজ না হওয়ার ফলে আমদানি-রপ্তানির গতি হ্রাস পাচ্ছে। বাংলাদেশের রপ্তানিও কমে যাচ্ছে। গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি একটি নতুন নির্দেশ দেওয়া হয়। তাতে বলা হয়, যাঁরা ইতিমধ্যেই লেটার অব ক্রেডিট খুলেছেন তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না, কিন্তু নতুন আমদানিকারকদের ক্ষেত্রে বিষয়টি বাধ্যতামূলক থাকবে।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, ভারতে শুল্কহীন পণ্য রপ্তানির অধিকার দেওয়া সত্ত্বেও বাংলাদেশের বহু পণ্যের ওপর ‘কাউন্টারভেলিং’ শুল্ক চাপানো হয়েছে। এই শুল্ক প্রত্যাহারের জন্যও বাণিজ্যমন্ত্রীকে তোফায়েল আহমেদ অনুরোধ করেন। বিবৃতিতে বলা হয়, ভারতের বাণিজ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, এই ধরনের বিধিনিষেধের দরুন ভারতে বাংলাদেশের রপ্তানি ৫০০ মিলিয়ন ডলারের মধ্যেই ঘোরাফেরা করছে। গত অর্থবছরের তুলনায় চলতি বছরে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে মাত্র ৪০ মিলিয়ন ডলার। ৫২০ থেকে বেড়ে হয়েছে ৫৬০ মিলিয়ন।
ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের (বিবিআইএন) যোগাযোগের ক্ষেত্র বিস্তার লাভ করায় এই অঞ্চলের আর্থিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে বাণিজ্যমন্ত্রীর বিশ্বাস। তিনি বলেন, বিবিআইএন দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক চালচিত্র বদলে দেবে সন্দেহ নেই। কিন্তু নির্মলা সীতারামনকে তিনি বলেন, ভারতের দিকের রাস্তার উন্নতি ঘটানো না হলে এই যোগাযোগের সুফল পাওয়া যাবে না।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের দিকের রাস্তা তাঁরা তৈরি করে ফেলেছেন। কিন্তু ভারতের দিকে রাস্তার হাল এখনো খুবই খারাপ। বিশেষ করে বেনাপোল সীমান্তের পর কলকাতা পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার রাস্তা।