পুঁজিবাজারে আসছে আলিবাবা

যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে আগামী সপ্তাহে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। পুঁজিবাজারের ইতিহাসে অন্যতম বৃহৎ আকারের আইপিওর মাধ্যমে পথচলা শুরু করতে যাচ্ছে পৃথিবীর বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠানটি।
এ উপলক্ষে বিশ্বব্যাপী প্রচারণা (রোড-শো) শুরু করতে যাচ্ছে আলিবাবা। এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, ৮ সেপ্টেম্বর আইপিওর কার্যক্রম শুরু করা যাবে। আর ১৮-১৯ সেপ্টেম্বরের মধ্যেই পুঁজিবাজারে চূড়ান্তভাবে তালিকাভুক্ত হতে পারবে প্রতিষ্ঠানটি।
প্রচারণা কার্যক্রম শুরু হবে এশিয়া থেকে। এরপর এটি ইউরোপ হয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে শেষ হবে। এসব প্রচারণায় সম্ভাব্য বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে ধারণা দেবেন আলিবাবার উচ্চপর্যায়ের কর্মকর্তা ও ওয়াল স্ট্রিটের পুঁজিবাজার বিশেষজ্ঞরা।
এ প্রসঙ্গে বিশ্বখ্যাত বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্লিয়ারব্রিজের কারিগরি বিশ্লেষক গ্রেস সু বলেন, ‘যেসব প্রতিষ্ঠানের ভবিষ্যৎ
উজ্জ্বল, প্রচারণা অভিযান সেসব প্রতিষ্ঠানের কর্তাদের ভবিষ্যৎ সম্পর্কে বুঝতে সহায়ক ভূমিকা রাখবে।’ সু আরও বলেন, আলিবাবা প্রচারণায় যে অর্থ ব্যয় করবে, তা কীভাবে তুলে আনবে, সেটি অনেক গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সঠিক পরিকল্পনা প্রয়োজন।
চীনা প্রতিষ্ঠানটি আশা করছে, আইপিওর মাধ্যমে দুই হাজার কোটি মার্কিন ডলার তুলবে, যা বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের সাড়ে ৬ ভাগের ১ ভাগ। এর আগে চীনের আরেকটি প্রতিষ্ঠান এগ্রিকালচারাল ব্যাংক অব চায়না আইপিওর মাধ্যমে উঠিয়েছিল দুই হাজার ২০০ কোটি ডলার।
আলিবাবার কার্যক্রমের একটি বড় অংশ এখন মুঠোফোননির্ভর হয়ে পড়েছে। মোবাইল প্রযুক্তিতে দ্রুত মানিয়ে নিতে পারায় প্রতিষ্ঠানটি যে দক্ষতা দেখিয়েছে, তা বিশ্বব্যাপী বিশ্লেষক ও বিনিয়োগকারীদের জন্য বিস্ময়ের সৃষ্টি করেছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আলিবাবার আয় বেড়েছে ৪৬ শতাংশ, যার বড় অংশই এসেছে মুঠোফোন গ্রাহকদের মাধ্যমে। আয় বাড়ার কারণে তারা অভ্যন্তরীণ মূল্যায়নও বাড়িয়েছে। নতুন মূল্যায়নের পর এখন প্রতিষ্ঠানটির মূল্য দাঁড়িয়েছে ১৪ হাজার কোটি রেনমিনবি (চীনা মুদ্রা) বা প্রায় দুই হাজার ২৮০ কোটি ডলার।
আলিবাবার আইপিওর প্রক্রিয়াটি গত আগস্টেই শুরু হওয়ার কথা ছিল। তবে এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে দেরি হওয়ায় এটি পিছিয়ে যায়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে আগস্টে লেনদেন কম হয়, থাকে ছুটির আমেজ। আরেকটি কারণ, পুঁজিবাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রয়োজনীয় অনুমোদন পেতে বিলম্ব।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস