পুকুরে ইলিশ চাষে সাফল্য পশ্চিমবঙ্গে
দীর্ঘ চার বছরের গবেষণার পর এবার সাফল্য এসেছে পুকুরের ইলিশ চাষে। ২১ মাসে ইলিশের ওজন হয়েছে প্রায় ৫০০ গ্রাম। লম্বা হয়েছে ৩৩০ থেকে ৩৪৫ মিলিমিটার। দেখতে অবিকল সমুদ্রের ইলিশের মতো। স্বাদও তেমনি। শুধু কি তাই, এই চাষের ইলিশের পেটে ডিমও হয়েছে। ফলে মৎস্যবিজ্ঞানীরা আশার বাণী শুনিয়েছেন, শিগগিরই পুকুরে চাষ করা যাবে ইলিশ।
এই ইলিশের প্রথম চাষ হয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের কাকদ্বীপের পুকুরে। সমুদ্র উপকূলবর্তী লোনা পানির পুকুরে এই ইলিশ চাষে সাফল্য পেয়ে খুশি ইলিশ গবেষকেরা। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের (আইসিএআর) অধীন কেন্দ্রীয় লোনা জল জীব পালন অনুসন্ধান সংস্থার কাকদ্বীপ শাখার বিজ্ঞানীরা এই অসাধ্যসাধন করেছেন।
২০১২ সালের শেষ দিকে বিজ্ঞানী দেবাশীষ দের তত্ত্বাবধানে পুকুরের ইলিশ চাষের উদ্যোগ নেওয়া হয়। বাছাই করা হয় কাকদ্বীপের মৎস্য গবেষণা কেন্দ্রকে। এই গবেষণা কেন্দ্রের পাশ দিয়ে বয়ে চলেছে কালনাগিনী নদী। নদীর লোনা পানি এই অঞ্চলের বহু পুকুরে প্রবেশ করানোর ব্যবস্থা রয়েছে। নিয়মিত এসব পুকুরে অক্সিজেন তৈরির জন্য হুইলারের ব্যবস্থাও আছে। তাই পরীক্ষামূলকভাবে কাকদ্বীপ-সংলগ্ন মুরিগঙ্গা নদী থেকে ধরা পড়া ইলিশের পোনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন মৎস্যবিজ্ঞানীরা। প্রথমে পুকুরে ইলিশ বাঁচানো সম্ভব হচ্ছিল না। চলে আরও গবেষণা। গবেষণা চলে ইলিশের খাবার নিয়েও।
মূলত ইলিশের প্রধান খাদ্য হলো উদ্ভিদকণা ও প্রাণিকণা। গবেষকেরা কৃত্রিমভাবে তৈরি করেন ইলিশের খাদ্যকণা। এরপরই গবেষণায় সাফল্য আসে। এই গবেষণায় দেখা যায়, পুকুরের চাষে ইলিশের পেটে ডিমও হয়েছে। আবার পুরুষ মাছে শুক্র উৎপাদনও হচ্ছে। এখন এই বিজ্ঞানীদের লক্ষ্য পুকুরের ইলিশে সফল প্রজনন ঘটানো। সেই প্রজনন সম্ভব হলে আর নদীর ইলিশের ওপর ভরসা অনেকটা কমে যাবে। ইলিশচাষিরা খুব সহজে পুকুরে ইলিশ চাষ করতে পারবেন।