পুনর্বাসনে নেপালকে ২০ কোটি ডলার দিচ্ছে এডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালকে প্রাথমিক পুনর্বাসন কার্যক্রমের জন্য ২০ কোটি মার্কিন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ ছাড়া তাৎক্ষণিকভাবে ৩০ লাখ ডলারের অনুদান দিতে যাচ্ছে এডিবি।
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি এ তথ্য জানিয়েছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
এডিবি প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও বলেন, তাৎক্ষণিকভাবে এশিয়া-প্যাসিফিক দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে ৩০ লাখ ডলারের অনুদান দেওয়া হবে। এ অর্থ দিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি, খাদ্য ও খাওয়ার পানি সরবরাহ করা হবে। আর নেপালের পুনর্বাসন-প্রক্রিয়ার প্রথম পর্যায়ে বাকি ২০ কোটি ডলার দেওয়া হবে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এডিপি প্রেসিডেন্ট বলেন, এ চ্যালেঞ্জিং সময়ে নেপালের জনগণ ও সরকারের পাশে এডিবি দাঁড়িয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালের জন্য একটি সহায়তা দল গঠন করেছে এডিবি। শিগগিরই জাতিসংঘসহ অন্য সহযোগীরা এ উদ্ধার কার্যক্রম ও পুনর্বাসন-প্রক্রিয়ায় যোগ দেবে।