পুনর্মূল্যায়ন না করায় রিজার্ভ ৩ হাজার কোটি ডলার ছাড়িয়েছিল
মার্কিন ডলারের বিপরীতে ইউরো জোনের একক মুদ্রা ইউরো এবং ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের দাম কমলেও বাংলাদেশ ব্যাংক দুই কার্যদিবস বৈদেশিক মুদ্রার রিজার্ভের দর পুনর্নির্ধারণ করেনি। ফলে গত সোমবার কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভের পরিমাণ ৩ হাজার কোটি ডলার অতিক্রম করে।
কিন্তু পুনর্মূল্যায়নের ফলে মঙ্গলবার রিজার্ভ নেমে আসে ২ হাজার ৯৯৪ কোটি মার্কিন ডলারে। এতে লোকসানের অঙ্ক দাঁড়ায় ৬ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
২৩ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্রেক্সিট-গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে রায়
যাওয়ার পরদিন শুক্রবার আন্তর্জাতিক বাজারে পাউন্ডের ১০ শতাংশ দরপতন ঘটে। আর ইউরোর দরপতন ঘটে ৩ শতাংশ। তবে শুক্র ও শনিবার দুই দিন বাংলাদেশে ছুটি থাকায় পাউন্ড ও ইউরোর দরপতনের কোনো প্রতিফলন ঘটেনি রিজার্ভে। ২৬ জুন রোববার বাংলাদেশে ব্যাংক খুললেও ওই দিন আবার আন্তর্জাতিক লেনদেন বন্ধ থাকায় রিজার্ভে তেমন কোনো পরিবর্তন আসেনি। ২৭ জুন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যোগ হয় ১২ কোটি ৭৩ লাখ ডলার। এতে রিজার্ভ ৩ হাজার কোটি ডলার ছাড়িয়ে যায়। কিন্তু মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক রিজার্ভ পুনর্মূল্যায়ন করায় তা কমে ২ হাজার ৯৯৪ কোটি ডলারে নেমে আসে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। যদিও রিজার্ভ ৩ হাজার কোটি ডলারে যাওয়ার খবরটি প্রচারে বেশ উৎসাহী ছিলেন তাঁদের অনেকে।