রাশিয়া–ইউক্রেন যুদ্ধ
পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দিতে পারে পশ্চিমা দেশগুলো
ঋণমান নির্ণয়কারী সংস্থা ফিচের পূর্বাভাস, ২০২২ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৩ দশমিক ৫ শতাংশ।
মহামারির ধাক্কা কাটিয়ে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বটে, কিন্তু সেই প্রক্রিয়া কিছুতেই মসৃণ হতে পারছে না। মূল কারণ, করোনার একের পর এক ঢেউ। তার সঙ্গে এখন যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং তার প্রভাব বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে পড়া। দেখতে দেখতে সেই যুদ্ধের এক মাস পূর্ণ হলো আজ।
গত এক মাসে যুদ্ধের প্রতিক্রিয়ায় অনেক কিছুই ঘটল। জ্বালানি তেলসহ সব ধরনের জ্বালানির মূল্যবৃদ্ধি, খাদ্যমূল্যস্ফীতি বৃদ্ধি, রাশিয়ার কিছু ব্যাংককে আন্তর্জাতিক লেনদেনব্যবস্থা সুইফট থেকে বিচ্ছিন্ন করা, রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা—এ রকম আরও অনেক ঘটনার উল্লেখ করা যায়। বলা বাহুল্য, এসব কোনো কিছুই প্রবৃদ্ধির সহায়ক নয়। ফলে বিশ্ব অর্থনীতি যে করোনাভাইরাসজনিত মহামারির ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, সেই প্রক্রিয়া আরও ব্যাহত হবে।
জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধি যাদের জীবনে বিপর্যয় বয়ে আনতে পারে, সেই অরক্ষিত জনগোষ্ঠীর চাহিদা লক্ষ করে নীতি প্রণয়ন করা উচিত।ক্রিস্টালিনা জর্জিয়েভা, ব্যবস্থাপনা পরিচালক, আইএমএফ
এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বুধবার ইউরোপ সফরে গেছেন। এ সফরে তিনি ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো ও জি–৭-এর সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান বলেছেন, এ সফরে পশ্চিমা নেতারা রাশিয়ার ওপর নতুন করে আরও একপ্রস্থ নিষেধাজ্ঞা আরোপ করবেন। এমনকি পূর্ণাঙ্গ আর্থিক নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে রাশিয়ার ওপর।
এসব নিষেধাজ্ঞার অর্থ হলো, রুশ অর্থনীতি আগামী আরও কয়েক বছর বিচ্ছিন্ন থাকবে। পশ্চিমারা ইতিমধ্যে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাতে ইতিমধ্যে ১৯৯০ সাল–পরবর্তী সবচেয়ে গভীর মন্দার মুখে পতিত হয়েছে তারা। এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের পূর্বাভাস, এসব নিষেধাজ্ঞার কারণে ২০২২ সালের রাশিয়ার অর্থনীতি ২২ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে।
এখন ইউক্রেনের ফসল উৎপাদনের সময়। অথচ ঠিক এ সময়েই যুদ্ধ চলছে। এতে অনিবার্যভাবে সেখানে খাদ্য উৎপাদন কমে যাবে।গীতা গোপীনাথ, উপব্যবস্থাপনা পরিচালক, আইএমএফ
পশ্চিমা দেশগুলো এত দিন রাশিয়ার বিভিন্ন ব্যাংক, ধনকুবের ও জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। সিএনএনের তথ্যানুসারে, এবার পশ্চিমারা রাশিয়ার স্টক মার্কেট ও রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
এমনকি এবার তারা রাশিয়ার ওপর পূর্ণাঙ্গ আর্থিক নিষেধাজ্ঞা দিতে পারে। এর অর্থ হলো রাশিয়ার সঙ্গে কোনো ধরনের বাণিজ্যিক সম্পর্ক রাখা যাবে না। সে ক্ষেত্রে রাশিয়া ইরানের কাতারে চলে আসবে। সিএনএন আরও জানিয়েছে, এ দফার পশ্চিমারা রাশিয়ার জ্বালানি খাতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে না। এ সপ্তাহের শুরুর দিকে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নের ওপর চাপ বাড়ছিল, কিন্তু এতে জার্মানির মতো বড় অর্থনীতির দেশের অনেক ক্ষতি হবে, এ আশঙ্কায় সে পথে হাঁটছে না ইউরোপীয় ইউনিয়ন।
প্রবৃদ্ধির পূর্বাভাস ছাঁটল ফিচ
মঙ্গলবার ‘গ্লোবাল ইকোনমিক আউটলুক-২০২২’ প্রকাশ করেছে বৈশ্বিক ঋণমান নির্ণয়কারী সংস্থা ফিচ রেটিংস। প্রতিবেদনে তারা বলেছে, রাশিয়ার ওপরে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ যে আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা খুব শিগগির প্রত্যাহার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে সারা বিশ্বে জ্বালানির সরবরাহব্যবস্থা বিঘ্নিত তো হবেই, ধাক্কা খাবে সামগ্রিক সরবরাহও। মূল্যস্ফীতি ইতিমধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফিচের শঙ্কা, তা আরও মাথা তুলতে পারে। এ বাস্তবতায় বৈশ্বিক প্রবৃদ্ধির হার শূন্য দশমিক ৭ শতাংশ হ্রাস করেছে তারা। তাদের পূর্বাভাস, ২০২২ সালে বৈশ্বিক প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৩ দশমিক ৫ শতাংশ।ও
আইএমএফ যা বলছে
সম্প্রতি আমেরিকার ম্যাগাজিন ফরেন পলিসির সঙ্গে এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘আমরা যখন মূল্যস্ফীতির সূচকের রাশ টেনে প্রবৃদ্ধির সূচক টেনে তোলার চেষ্টা করছিলাম, তখনই এ যুদ্ধ শুরু হলো। যুদ্ধের কারণে এখন ঠিক এর উল্টোটা ঘটছে। আর যেসব দেশ রাশিয়ার ওপর নির্ভরশীল, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।’
এ মুহূর্তে নীতিগত কী ব্যবস্থা নেওয়া যেতে পারে—অনুষ্ঠান সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে জর্জিয়েভা বলেন, ‘জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধি যাদের জীবনে বিপর্যয় বয়ে আনতে পারে, সেই অরক্ষিত জনগোষ্ঠীর চাহিদা লক্ষ করে নীতি প্রণয়ন করা উচিত।’
দ্বিতীয়ত, যেসব দেশের বিদেশি ঋণের পরিমাণ বেশি, সময় থাকতে থাকতে তাদের ঋণ পুনর্গঠনের পরামর্শ দেন জর্জিয়েভা।
এ যুদ্ধের কারণে উন্নয়নশীল দেশগুলো বেশি আক্রান্ত হবে বলে মনে করেন আইএমএফের প্রথম উপব্যবস্থাপনা পরিচালক গীতা গোপীনাথ। উল্লিখিত অনুষ্ঠানে তিনি ফরেন পলিসিকে বলেন, গ্রীষ্মকাল শুরু হয়েছে। এখন ইউক্রেনের ফসল উৎপাদনের সময়। অথচ ঠিক এ সময়েই যুদ্ধ চলছে। এতে অনিবার্যভাবে সেখানে খাদ্য উৎপাদন কমে যাবে। ফলে যেসব দেশ ইউক্রেনের গম আমদানি করে, তারা ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলো। এ পরিস্থিতিতে আইএমএফ তার সদস্যদেশগুলোকে সহায়তা করতে প্রস্তুত আছে বলে তিনি জানান।
পরিবহনসংকট
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগেই পরিবহনসংকট বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এতে মূল্যস্ফীতি অনেকটাই বেড়ে যায়। মূলত মহামারিজনিত বিধিনিষেধ উঠে যাওয়ার কারণে হঠাৎ করে চাপ বেড়ে যাওয়ায় এ সংকট সৃষ্টি হয়। এখন এ যুদ্ধের কারণে পরিবহনসংকট আরও ঘনীভূত হয়। তার সঙ্গে চীনের বেশ কিছু প্রদেশে ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে পরিবহনসংকট থেকে মুক্তি মেলার আভাস এখনই দেখা যাচ্ছে না।